বাংলাদেশের দুর্ভাগ্যই বলতে হবে। ব্যক্তিগত ৮৭ রানের মাথায় ম্যাককুলামের অখেলোয়াড়সুলভ প্রতারণা ও আম্পায়ার হার্স্টের একটি বাজে সিদ্ধান্তে তাঁকে প্যাভেলিয়নে ফিরতে হলো। অথচ টিভি রিপ্লেতে দেখা গেছে, সাকিবের ব্যাট থেকে আসা বলটি নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ম্যাককুলামের সামনে পড়ে তাঁর গ্লাভসে এসেছে। সাকিব বোকামি করে রেফারেলে না যাওয়ার কারণে তাঁর ব্যাটিং ঝলক থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। না হলে মাহমুদউল্লাহর অনবদ্য শত রানে নিউজিল্যান্ডের ৫৫৩ রানের জবাবে ৪০৮ রান করা বাংলাদেশ যেতে পরত কিউই ইনিংসের অনেকটাই কাছাকাছি।মাহমুদউল্লাহ গত মাসেই ভারতের বিপক্ষে একটি টেস্ট সেঞ্চুরি পেয়েও পাননি। ঢাকা টেস্টে তিনি অপরাজিত ছিলেন ৯৬ রানে। কিন্তু তাঁর ঠিক এক মাস পরে সে রকম কিছু আর ঘটেনি, এবার সেঞ্চুরি পূরণ করেই তিনি দেখিয়েছেন তাঁর ক্যারিশমা কেবল ওয়ানডেতেই নয়, বাংলাদেশের জন্য বড় দৈর্ঘ্যের খেলায়ও তিনি এক গুরুত্বপূর্ণ সারথি। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর সেঞ্চুরির ইনিংসটি শেষ হয়েছে ১১৫ রানে। বাংলাদেশের ৪০৮ রানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান। আগের দিনের ১ উইকেটে ৮৭ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ শুরু থেকেই প্রত্যয়দীপ্ত লড়াই শুরু করে। দিনের শুরুতেই তামিম ৬৮ রানে বিদায় নেন। জুনায়েদ আউট হন ২১ রান। আফতাব ৩৩ রান করে একটি সুন্দর সম্ভাবনাময় ইনিংসের ইতি ঘটান। মোহাম্মদ আশরাফুল তাঁর ব্যর্থতার ধারাবাহিকতা থেকে আজও বের হয়ে আসতে পারেননি। তিনি আউট হয়েছেন ১২ রানে। কয়েকটি ইনিংসের অসময়ের অপমৃত্যু যখন বাংলাদেশের বড় ইনিংসের স্বপ্নকে একটু একটু করে দূরে ঠেলে দিতে শুরু করেছিল, ঠিক তখনই সময়মতো জ্বলে ওঠে অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে জ্বলেছিল সাকিবের ব্যাট। গত মাসে সাকিব ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে ছিলেন একেবারেই নিষ্প্র্রভ। মাহমুদউল্লাহকে সঙ্গী করে বিপদ সামাল দিয়ে বাংলাদেশকে ফলোঅনের শঙ্কা থেকে রক্ষা করেন। তৃতীয় দিনের একেবারে শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের ইনিংস শেষে তারা এগিয়ে ছিল ১৪৫ রানে। ইনিংসের শুরুতেই একটি উইকেট হারিয়ে কিছুটা বিপর্যস্ত নিউজিল্যান্ড। সাকিব আল হাসান চমত্কার ডাইভে ওয়াটলিংকে রান আউট করেছেন। আলোক স্বল্পতায় খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ রান। সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ৫৫৩/৭ (ডিক্লেয়ার)ম্যাককুলাম ১৮৫, গাপটিল ১৮৯রুবেল হোসেন ৫/১৬৬৯/১ (দ্বিতীয় ইনিংস)বাংলাদেশ ৪০৮ (প্রথম ইনিংস)মাহমুদউল্লাহ ১১৫, সাকিব আল হাসান ৮৭, তামিম ইকবাল ৬৮সাউদি ১/৬২, মার্টিন ৩/১১৬তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে ১৫৪ রানে এগিয়ে, হাতে উইকেট আছে ৯টি।