প্রশিকা ভবনের সামনে কাজী ফারুকের বিপক্ষে বিক্ষোভ
রাজধানীর মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের পূর্ব ও পশ্চিম পাশের রাস্তায় আজ মঙ্গলবার সকাল থেকেই পাল্টাপাল্টি বিক্ষোভ-মিছিল করছে প্রশিকার কর্মীরা ও কাজী ফারুকের সমর্থকেরা। জানা যায়, রাজধানীর মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়টি সংস্থার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদের পক্ষের লোকজন নিয়ন্ত্রণে নিয়েছে। গতকাল রাতে ২০ থেকে ২৫ জন যুবক প্রশিকা ভবনে ঢুকে অবস্থান নেন।বেশ কিছুদিন ধরে কাজী ফারুক আহম্মদ প্রশিকা ভবন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন। খবরটি পেয়ে কর্মীরা দিন-রাত পর্যায়ক্রমে ভবনটি পাহারা দিচ্ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শেখ সাঈদ ও সাইফুলের নেতৃত্বে ২০-২৫ জন যুবক রড ও লাঠিসোটা নিয়ে প্রথমে গাড়ি পার্কিংয়ের জায়গায় প্রশিকার কর্মীদের মারধর করে বের করে দেন। এরপর তাঁরা মূল ভবনে ঢুকে সেখানে প্রশিকার সাত কর্মীকে মারধর করেন এবং তাঁদের মোবাইল ফোনসেট ছিনিয়ে নেন।এ খবর পেয়ে আশপাশে থাকা প্রশিকার কর্মীরা পুলিশকে খবর দেন। মিরপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ উপকমিশনার ইলিয়াস শরীফের নেতৃত্বে পল্লবী, মিরপুর ও কাফরুল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের মূল ফটকে তালা দিয়ে সামনে অবস্থান নেয়। পরে ভোর চারটার দিকে পুলিশ ভবনের পূর্ব ও পশ্চিম পাশের রাস্তায় কাঁটাতারের ব্যারিকেড দেয়। পরে সকাল নয়টার দিকে পশ্চিম পাশের রাস্তায় প্রশিকার ছয় শতাধিক কর্মী কাজী ফারুককে অবৈধ স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। অন্য পাশে বেলা ১১টার দিকে ফারুকের সমর্থক প্রায় ৩০ জন কর্মী তাঁর সমর্থনে মিছিল করতে থাকেন।পুলিশের উপকমিশনার ইলিয়াস শরীফ জানান, ব্যারিকেডের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হবে না। ভবনের ভেতর প্রশিকার কোনো কর্মী আটকে নেই।এদিকে প্রশিকার কর্মীদের আশঙ্কা, ভবনের ভেতরে কোনো প্রাণনাশের ঘটনা ঘটেছে।প্রসঙ্গত, কাজী ফারুক আহম্মদের দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে এবং তাঁর অপসারণের দাবিতে প্রশিকার কেন্দ্র ও মাঠপর্যায়ের কর্মীরা গত বছরের এপ্রিল ও মে মাসে আন্দোলন করেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে প্রশাসনিক পরিষদের ১০৫তম সভায় কাজী ফারুককে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়। ওই সভায় মাহবুবু-উল-করিমকে প্রশিকার প্রধান নির্বাহী নিযুক্ত করা হয়।