চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিনে আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আফসারউদ্দিন চৌধুরী। তিনি বেলা সাড়ে ১১টার দিকে নগরের রহমতগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। গতকাল এক বৈঠকে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী আফসারউদ্দিন চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, গত ১১ মে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই সিটি করপোরেশন হবে ২২ ও ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন মঙ্গলবার।