বিনিয়োগ হচ্ছে না, অর্থসংকট তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নতুন শিল্প স্থাপনে পুঁজি, যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলা কমে গেছে। ডলারের দাম ৮০ টাকা ছাড়িয়ে গেছে। ব্যয় বেড়েছে সরকারের; আয় দিয়ে ব্যয় মিটছে না। বাজেট ঘাটতি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এত দিন মূল্যস্ফীতি বাড়ছিল খাদ্যসূচকে। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে খাদ্যবহির্ভূত সূচকেও মূল্যস্ফীতি বাড়ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় নতুন করে বিপত্তি বেড়েছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম মনে করেন, সরকারের বড় রকমের বাজেট ঘাটতি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে অনেক বেশি ঋণ নেওয়ায় দেশে মূল্যস্ফীতি অনেকাংশে বেড়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও গতকাল বুধবার এক অনুষ্ঠানে স্বীকার করেছেন, সরকারকে ব্যাংক থেকে অনেক বেশি ঋণ নিতে হচ্ছে। এটি আবার মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে। অর্থমন্ত্রী এ সময় ভর্তুকি বাড়াসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করে আরও বলেন, ‘আমরাও এ ক্ষেত্রে আংশিকভাবে দায়ী। কারণ, আমরা সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারিনি।’ তবে অর্থনীতির এসব সংকট কয়েক মাস ধরে চললেও সরকার এত দিন তা স্বীকার করেনি। কিন্তু পরিস্থিতি হঠাৎ করেই পাল্টে গেছে। সরকারও এখন সংকটের কথা স্বীকার করছে। অর্থমন্ত্রী গত দুই দিন অর্থনীতির নানা সংকটের বিবরণ দিচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই অর্থনীতি ভালো আছে বলে সংসদ ও সংসদের বাইরে জোরালো বক্তব্য দিয়েছিলেন।মির্জ্জা আজিজুল ইসলাম এ নিয়ে গতকাল প্রথম আলোকে বলেন, ‘সরকারের উচিত বাস্তবতা স্বীকার করে এখন কী করা যায়, কীভাবে বাজেট ঘাটতি কমানো যায়, সেদিকে মনোযোগ দেওয়া। সরকারকে এখন একই সঙ্গে ভর্তুকি কমাতে হবে, ব্যাংকঋণ সংকোচন করতে হবে।’আইএমএফের বক্তব্যের পর: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল ১৪ ডিসেম্বর বাংলাদেশ সফর করে সরকারকে একটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে অর্থনীতির নানা সংকটের বিবরণ দিয়ে অর্থনৈতিক ব্যবস্থাপনায় শক্ত অবস্থান নেওয়ার সুপারিশ করা হয়েছে। আর সরকারের অবস্থানের ওপরই নির্ভর করছে নতুন ঋণ-সহায়তা পাওয়া। আইএমএফের এ বক্তব্যের পর থেকে সরকারও অর্থনীতির নানা সংকটের কথা বলতে শুরু করেছে।এদিকে, বাংলাদেশকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফ আগের অবস্থান থেকে সরে এসেছে বলে জানা গেছে। এক বছর আগেও আইএমএফ সম্প্রসারিত ঋণসুবিধার (ইএসএফ) আওতায় বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিতে আগ্রহ দেখায়নি। কিন্তু এখন নতুন করে ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আইএমএফ বলেছে, এ জন্য বাংলাদেশকে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কিছু নীতি ও সংস্কার বাস্তবায়ন করতে হবে। আর তাহলেই নতুন ঋণ পাওয়ার ভিত্তি তৈরি হবে।বিনিয়োগ হচ্ছে না: অর্থনীতি নিয়ে দুশ্চিন্তায় আছেন বেসরকারি খাতের প্রতিনিধিরাও। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, অর্থনীতি চাপের মুখে আছে। ব্যাংকগুলোও আর্থিক সংকটে আছে। সরকারের নেওয়া ঋণ বেড়েছে। কমে গেছে শিল্পে মেয়াদি ঋণ নেওয়ার পরিমাণ, অথচ বেড়েছে বিলাসবহুল খাতের ঋণ। এর মানে, অনুৎপাদনশীল খাতে অর্থ বেশি যাচ্ছে।এ কে আজাদ আরও বলেন, বেসরকারি খাতের ঋণ নেওয়া কমেছে; পুঁজি, যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলায় প্রবৃদ্ধি ঋণাত্মক। সব মিলিয়ে বলা যায়, বিনিয়োগের পরিস্থিতি ভালো নয়। বেসরকারি খাত কেন বিনিয়োগ করছে না, জানতে চাইলে তিনি জ্বালানিসংকটের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মন্দাকেও দায়ী করেন। এ কে আজাদ বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মন্দার কারণে বাংলাদেশি পণ্যের চাহিদা কমছে। এ কারণেই বিনিয়োগ কমেছে। আর এর প্রভাব পড়ছে রপ্তানিতে।তীব্র আর্থিক সংকট: বাংলাদেশ এখন তীব্র বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে। বৈদেশিক মুদ্রার মজুদ এখন ৯৩৫ কোটি ডলার, যা দিয়ে আড়াই মাসের আমদানি ব্যয় নির্বাহ সম্ভব। চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশ নিট বৈদেশিক সাহায্য পেয়েছে মাত্র আট কোটি ডলার। গত নভেম্বরে প্রবাসী-আয়ে (রেমিট্যান্স) প্রবৃদ্ধি ঋণাত্মক। উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক বিনিয়োগও নেই। তাই সরকারের বৈদেশিক মুদ্রার আয় কমে গেছে। তবে এ ক্ষেত্রে বড় সংকট তৈরি করেছে বৈদেশিক সাহায্য। পদ্মা সেতুর ২৩০ কোটি ডলার পাওয়া এখনো অনিশ্চিত। ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণেও তেমন অগ্রগতি নেই। এ অবস্থায় আইএমএফই এখন বাংলাদেশের জন্য একমাত্র ভরসা।তবে আইএমএফের ঋণ পেতে বাংলাদেশকে অনেকগুলো শর্ত মানতে হবে। আইএমএফ এসব শর্ত নিয়ে সরকারের সঙ্গে আলোচনাও করেছে। আইএমএফ এ বিষয়ে সরকারকে দেওয়া প্রতিবেদনে বলেছে, লেনদেনের ভারসাম্যহীনতা কমানো, আর্থিক সংকট দূর করা এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ এড়াতে সরকারকে একটি সমন্বিত নীতি নিতে হবে; বিশেষ করে, ভর্তুকির ব্যয় কমানো এবং ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া কমাতে শক্ত অবস্থানে যেতে হবে।প্রবৃদ্ধি নিয়ে আরও সংশয়: অর্থমন্ত্রী চলতি অর্থবছরের প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম মনে করেন, বর্তমানে যে অবস্থার মধ্য দিয়ে দেশের অর্থনীতি এগোচ্ছে, তাতে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি তো বটেই, গত অর্থবছরে যে হারে প্রবৃদ্ধি হয়েছিল, সেটাও অর্জিত হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।বিষয়টি ব্যাখ্যা করে মির্জ্জা আজিজ বলেন, গত বছর দেশের রপ্তানির প্রবৃদ্ধি ছিল সাড়ে ৪১ শতাংশ। কিন্তু বিশ্বমন্দা, যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুর্বলতার কারণে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৭ শতাংশ। এদিক থেকে এ বছর রপ্তানি প্রবৃদ্ধি আরও নেমে যেতে পারে। তা ছাড়া দেশে বিনিয়োগের হার এমনিতেই কম। তার ওপর অবকাঠামোগত সমস্যা রয়েছে। এখন আবার শুরু হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। বৈদেশিক সাহায্যের পরিমাণও কমে গেছে। এসব কারণ বিবেচনা করে বলা যায়, এ বছর জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হওয়ার সম্ভাবনা কম; বরং গত বছর যে ৬ দশমিক ৭ হারে প্রবৃদ্ধি হয়েছিল, সে হারেও প্রবৃদ্ধি অর্জন হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।