বিভাগ ঘোষণায় রংপুরে আনন্দের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগ ঘোষণার পর আনন্দে উচ্ছ্বসিত রংপুরবাসী। আজ মঙ্গলবার সকাল থেকে সেখানে একের পর এক আনন্দমিছিল ও শোভাযাত্রা বের হচ্ছে। সকাল থেকে শুরু হয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলায় একের পর এক আনন্দমিছিল বের হচ্ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে সকাল ১০টার পর রংপুর মোটর শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড আনন্দ শোভাযাত্রা বের করে। রংপুরকে বিভাগ ঘোষণা করায় তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। দুপুর ১২টায় ছাত্রলীগ রংপুর সরকারি কলেজ থেকে একটি আনন্দমিছিল বের করে শহরের সব রাস্তা প্রদক্ষিণ করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রঙ নিয়ে হোলি খেলায় মেতে উঠেছেন। কাটারিবাজারে ছাত্রলীগ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা রংপুরকে বিভাগ ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এদিকে বিভাগ ঘোষণায় খুশি রংপুরের সাধারণ অধিবাসীরাও। কাটারিবাজারের পানের দোকানদার মাহবুব বলেন, তিনি খুবই খুশি। তবে, বিভাগ ঘোষণার পর রংপুরে সাধারণ পণ্যের ওপর কর বেড়ে যাবে কি না তা নিয়ে তিনি কিছুটা আশঙ্কা প্রকাশ করেন। উল্লেখ্য, গতকাল সোমবার প্রশাসনিক পুনর্বিবেচনা ও পুনর্গঠনসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে রংপুরকে বিভাগ হিসেবে অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।