বুড়িগঙ্গার বুকে বিনোদনকেন্দ্র তৈরির ওপর স্থিতাবস্থা জারি
বুড়িগঙ্গা নদীর বুকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) অধীনে নির্মাণাধীন বিনোদনকেন্দ্রের সব কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থিতাবস্থার মেয়াদ তিন মাস। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।বুড়িগঙ্গা নদীর বুকে বিনোদনকেন্দ্র তৈরি করা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। পাশাপাশি নির্মাণাধীন সব স্থাপনা অপসারণের নির্দেশও কেন দেওয়া হবে না, তা-ও জানতে চেয়েছেন আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং বিআইডব্লিটিএর চেয়ারম্যান, পরিচালক (বন্দর), পরিচালক (পরিকল্পনা), প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী, ঢাকার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এর জওয়াব দিতে বলা হয়েছে। প্রথম আলোতে ৭ মে ‘বুড়িগঙ্গা নদীর উদ্ধার করা জায়গায় বিনোদনকেন্দ্র’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ২৫ জুন ঢাকার চারটি নদীকে রক্ষার জন্য হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ একটি রায় দেন। সেই নির্দেশনা অনুযায়ী নদীগুলোর বুকে তৈরি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার কাজও শুরু করেছে সরকার। কিন্তু বিআইডব্লিউটিএ বুড়িগঙ্গা নদীর দখলমুক্ত দেড় একর জায়গায় একটি বিনোদনকেন্দ্র নির্মাণ করছে, যা ওই নির্দেশনার পরিপন্থী। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর বিআইডব্লিউটিএর প্রকল্পটির বৈধতা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ রিট আবেদনটি পেশ করেন।