বেতন-বোনাস নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-বোনাসের দাবিতে তৈরি পোশাকশিল্পে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।আজ শনিবার পুলিশ সদর দপ্তরে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব সতর্ক অবস্থায় থাকবে। ঈদ সামনে রেখে সব ধরনের চাঁদাবাজি প্রতিরোধ, ঘরমুখো মানুষ ও মার্কেটের নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী, সড়কপথে যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ থাকবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা গাড়ি বিকল হয়ে গেলে তা দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে। তা ছাড়া কমিউনিটি পুলিশও যানজট নিরসনে সহায়তা করবে।এ ছাড়া নৌপথে অতিরিক্ত যাত্রীবোঝাই এবং নদীতে যাতে নৌকা দিয়ে যাত্রী তোলা না হয়, সে বিষয়টি র‌্যাব ও পুলিশ পর্যবেক্ষণ করবে।পুলিশের এই সভায় ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে কারখানা মালিক, বিজিএমইএ এবং বিকেএমইএকে অনুরোধ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, কারখানা এলাকায় পুলিশ ও র‌্যাবের টহল এবং গোয়েন্দা নজরদারি থাকবে।সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ) শামসুদ্দোহা খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশিক্ষণ) মুহাম্মদ আমিনুল ইসলাম, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান, উপমহাপরিদর্শক (প্রশাসন) বেনজীর আহমেদ, আমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।