ভারতকে নানা ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়েই এ সরকার ক্ষমতায় এসেছে: খোন্দকার দেলোয়ার
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, ‘ভারতের কাছে বিভিন্ন ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে যে চুক্তি হয়েছে, তা এই সরকারকে বাস্তবায়ন করতেই হবে। এ ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’ আজ মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের খোন্দকার দেলোয়ার এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ বর্তমান সরকারের চরিত্র বুঝে ফেলেছে। তারা আর বসে থাকবে না। অচিরেই খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে চক্রান্তকারীরা দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এই ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।এর আগে বেলা সাড়ে ১১টা দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি সেখানে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এরপর খালেদা জিয়া সেখানে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে নয়াপল্টনে তিনি অনুরূপ আরেকটি রক্তদান কর্মসূচিরও উদ্বোধন করেন।