ভেষজ ওষুধের নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে ভেষজ ওষুধের নামে নকল ও ভেজাল ওষুধ সেবন করে মানুষ আর্থিক ও শারীরিক ক্ষতির শিকার হচ্ছে। এক রোগ সারাতে গিয়ে তারা হূদেরাগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু হাজারও অভিযোগ সত্ত্বেও মানুষকে প্রতারণা করা ও স্বাস্থ্যঝুঁকিতে ফেলা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের পদক্ষেপ নামমাত্র।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভেষজ ওষুধ সংক্রামক ও দীর্ঘমেয়াদি (ক্রনিক) রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকর। কিন্তু এই ওষুধের নামে বিশ্বব্যাপী নিম্নমানের, নকল ও ভেজাল ওষুধ রোগীদের জীবন বিপন্ন করে তুলছে।ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসাবে দেশের ওষুধের বাজারের ২৫ শতাংশ ভেষজ ওষুধের নিয়ন্ত্রণে। দেশে আয়ুর্বেদ-ইউনানি ও হারবাল ওষুধ উৎপাদনকারী অনুমোদিত প্রতিষ্ঠান আছে ৪৫০টির মতো। কিন্তু বিভিন্ন সূত্রের হিসাবে, এগুলোর বাইরে অননুমোদিত প্রতিষ্ঠান আছে কয়েক হাজার। হাঁপানি, চর্ম ও যৌন রোগ, বাত-ব্যথা, রং ফরসা করা ও মোটা হওয়ার জন্য বিপুলসংখ্যক মানুষ ভেষজ ওষুধ সেবন করে। এরই সুযোগ নেয় তথাকথিত হারবাল চিকিৎসাকেন্দ্র। প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হয় মানুষ।মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ইসহাক হোসেন প্রথম আলোকে জানান, মালয়েশিয়ায় তৈরি ভেষজ ওষুধে কিডনি রোগ ভালো হয়—এমন কথায় বিভ্রান্ত হয়ে বছর দুয়েক আগে তিনি ওই ওষুধ সেবন করেন। কিন্তু ভালো না হয়ে উল্টো তাঁর কিডনিতে জটিলতা বাড়তে থাকে। পরে অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে গেলে জানানো হয়, তাঁর কিডনি নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত তাঁকে কিডনি প্রতিস্থাপন করতে হয়।চিকিৎসক, ভেষজ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য প্রথম আলোকে বলেন, অসাধু ব্যবসায়ীরা ক্ষতিকর ও বিভিন্ন প্রয়োজনীয় উপাদান বেশি মাত্রায় ব্যবহার করে ভেষজ ওষুধ বানিয়ে বিক্রি করছে। বিভিন্ন সময় হাঁপানির ওষুধে উচ্চমাত্রায় স্টেরয়েড, মোটা হওয়ার ওষুধে পেরিঅ্যাকটিন, যৌন ক্ষমতা বৃদ্ধির ওষুধে সিল্ডেনা সাইট্রেট, ফরসা হওয়ার ক্রিমে স্যালিসাইলিক এসিড, দাঁত পরিষ্কার করার ওষুধে হাইড্রোক্লোরিক এসিড পাওয়া গেছে। ওষুধে আফিম এমনকি মদও ব্যবহার হচ্ছে। স্টেরয়েড জীবনরক্ষাকারী উপাদান হলেও এর অতিরিক্ত মাত্রায় জীবন বিপন্ন হয়। সিল্ডেনা সাইট্রেট ‘ভায়াগ্রা’ তৈরির একটি উপাদান, যা বাংলাদেশে নিষিদ্ধ। পেরিঅ্যাকটিন সাধারণত ব্যবহার হয় গরু মোটাতাজা করতে। এটি মানুষের কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হাঁপানি-শ্বাসকষ্ট রোগে স্টেরয়েড সেবনে তাৎক্ষণিক আরাম হয়। কিন্তু দীর্ঘমেয়াদে রোগী উচ্চরক্তচাপ, ডায়াবেটিসে আক্রান্ত হয়। হাড় ক্ষয় হয়ে এত দুর্বল হয় যে, একটু চোটেই ভেঙে যায়। আমরা প্রায়ই এ ধরনের রোগী পাই। অসাধু ব্যবসায়ীরা “গ্যারান্টি” দিয়ে ক্যানসারেরও চিকিৎসা করছে। এমন রোগীরা একেবারে শেষ সময়ে বিএসএমএমইউতে আসছে। তখন আর চিকিৎসকদের কিছুই করার থাকে না।’বাংলাদেশ ইউনানি-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক মো. ছাদুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা প্রায়ই এমন রোগী পান, স্টেরয়েড ব্যবহারের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাই নষ্ট হয়ে গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রজনন স্বাস্থ্য ইউনিটের একজন চিকিৎসক বলেন, ‘ইকো হারবাল পিল’ নামের নকল ভেষজ জন্মনিরোধক বড়ি সেবন করা বেশ কয়েকজন নারী এমআর (মাসিক নিয়মিতকরণ) করাতে তাঁদের কাছে এসেছেন।অননুমোদিত প্রতিষ্ঠানের সাড়ম্বর ব্যবসা: সরেজমিনে দেখা গেছে, রাজধানীর জনবহুল এলাকাগুলোয় ভেষজ ওষুধের নামে অসাধু ব্যবসায়ী ও তথাকথিত চিকিৎসকেরা ফুটপাত ও দোকানে ব্যবসা জমিয়েছেন। ফার্মগেট, গুলিস্তান, গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, শনির আখড়া, কারওয়ানবাজার, মিরপুর, পল্লবীতে ফুটপাতে ১০ টাকা থেকে ১০০ টাকা দামের এমন ওষুধ বিক্রি হচ্ছে। মূলত দরিদ্ররা এসব ওষুধের ক্রেতা। অপরদিকে কলিকাতা, দিল্লি, ভারত, লন্ডন, আমেরিকা হারবাল ইত্যাদি নামের দোকানে ভেষজ নাম দিয়ে ৯০০ থেকে ২০০০ টাকায় ওষুধ বিক্রি হয়। এসব প্রতিষ্ঠান রাস্তায় প্রচারপত্র, কেব্ল অপারেটরদের মাধ্যমে ও বেসরকারি কয়েকটি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়।অনুমোদনহীন প্রতিষ্ঠানের একটি শনির আখড়ার ‘কলিকাতা হারবাল’। অনুমোদন না নিয়ে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা পরিচালনার কারণে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর তিনটি মামলাও করেছে। কিন্তু এটি বন্ধ হয়নি। গত ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শনির আখড়ার কার্যালয়ে গেলে আয়ুর্বেদ চিকিৎসক আনোয়ারুল মাহবুব দাবি করেন, প্রতিদিন তাঁদের চিকিৎসা নিতে ৪০-৫০ জন রোগী আসেন। কুমিল্লায় বিশ্বরোডে পদুয়ার বাজার ও টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ডে তাঁদের একটি করে শাখা আছে।মাহবুবেরর ভিজিটিং কার্ডে লেখা, ওই প্রতিষ্ঠানে যৌন, চর্ম, এইচবিএস (এজি)+ভিই, অর্শ, গেজ, পাইলসের স্থায়ী চিকিৎসা এবং পুরুষ ও মহিলাদের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয়।কলিকাতা হারবালের পাশেই দিল্লি হারবাল মেডিকেল ও ভারত হারবাল মেডিকেল। এসব প্রতিষ্ঠানেও একই প্রতিশ্রুতি দিয়ে চিকিৎসা দেওয়া হয়। ওষুধের দাম ৯০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত। দিল্লি হারবাল মেডিকেলের চিকিৎসক ‘ডাঃ আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা এম এ সালাম’। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদের সাবেক ইমাম। ওই এলাকার আশপাশে এ ধরনের আরও কয়েকটি অননুমোদিত প্রতিষ্ঠান রয়েছে।সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল এলাকা, মেরুল বাড্ডা, মালিবাগ, মগবাজার, কল্যাণপুর বাসস্ট্যান্ড, মিরপুর ১ নম্বর শাহ আলী মার্কেট, শেওড়াপাড়া, সেনপাড়া, মিরপুর ১১ নম্বরেও অননুমোদিত এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে। কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন মিজান টাওয়ারে রয়েছে অননুমোদিত প্রতিষ্ঠান আমেরিকান হারবালের সেবাকেন্দ্র।ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বাংলাদেশে অননুমোদিত হারবাল প্রতিষ্ঠানের জনক ‘মঘা ঔষধালয়’। সরকার মঘার বিরুদ্ধে একটির পর একটি মামলা করলে একপর্যায়ে তারা ব্যবসা গুটিয়ে নেয়। তবে কয়েকটি সূত্রের অভিযোগ, অননুমোদিত প্রতিষ্ঠানের অনেকগুলোর সঙ্গে ‘মঘা’র লোকজনের সম্পৃক্ততা আছে।বাংলাদেশ আয়ুর্বেদিক শিল্প সমিতির সভাপতি আবদুস সবুর খান বলেন, আয়ুর্বেদিক, ইউনানি ও ভেষজ ওষুধের বাজারের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে ভুঁইফোড় ও অসাধু প্রতিষ্ঠান। তারা বিপুল অঙ্কের করও ফাঁকি দিচ্ছে।অনুমোদিত প্রতিষ্ঠান ৪৫০টির মতো: ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসাবে, দেশে দেড় শতাধিক আয়ুর্বেদ এবং আড়াই শতাধিক ইউনানি ওষুধ উৎপানকারী প্রতিষ্ঠান আছে। কিছুটা আধুনিক কলাকৌশল ব্যবহার করে ওষুধ উৎপাদনকারী ১৫টি প্রতিষ্ঠানের তৈরি ওষুধকে অধিদপ্তর হারবাল ওষুধ বলছে।এ ১৫টি প্রতিষ্ঠান হলো—স্কয়ার হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড, দি একিম ল্যাবরেটরিজ লিমিটেড (হারবাল ডিভিশন), মডার্ন হারবাল ফার্মাসিউটিক্যালস, রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেড (হারবাল ডিভিশন), আরিয়ান হারবাল, ওয়েস্টার্ন ফার্মাসিউটিক্যালস (হারবাল), এসবি ল্যাবরেটরিজ (হারবাল), কেমিস্ট হারবাল কেয়ার অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস, মেডিমেট হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস, সেফ হারবাল লিমিটেড, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড (হারবাল), ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপিএস ল্যাবরেটরিজ, প্যারেন্ট হারবাল ল্যাবরেটরিজ ও হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ (হারবাল ডিভিশন)।স্কয়ার হারবাল পরিচালনার দায়িত্বে থাকা এম এম আসাদুল্লাহ বলেন, অনেক সুযোগ থাকা সত্ত্বেও স্কয়ারের হারবাল ওষুধের সংখ্যা মাত্র ১৫টি। ভুয়া প্রতিষ্ঠানের কাছে ভালো প্রতিষ্ঠানগুলো মার খাচ্ছে।এক বছরে মামলা ১৯টি: অননুমোদিত অসংখ্য প্রতিষ্ঠান থাকলেও গত এক বছরে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তর মামলা করেছে মাত্র ১৯টি। এ ছাড়া বিভিন্ন অভিযানে জনশক্তি হারবাল, ক্যাপিটাল হারবাল, দীন ইসলাম হারবাল অ্যান্ড কেমিক্যাল কোম্পানি, গোল্ডেন প্লাস হারবাল কোম্পানি, ফেমাস ফার্মাসিউটিক্যালস, সাদেক ফার্মাসিউটিক্যালস থেকে বিপুল পরিমাণ স্টেরয়েড, সিল্ডেনা সাইট্রেট, হাইড্রোক্লোরিক এসিড, মদ, আফিম আটক করা হয়। এসব অভিযানে আটক ব্যক্তিরা পরে জামিনে বেরিয়ে এসেছেন বলে অভিযানে সম্পৃক্ত কয়েকজন কর্মকর্তা জানান।বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ফেরদৌস ওয়াহিদ বলেন, ভেজাল ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে ঔষধ প্রশাসন অধিদপ্তরে অভিযোগ করা হচ্ছে। কিন্তু তেমন কাজ হয়নি।অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, অলিতে-গলিতে অননুমোদিত প্রতিষ্ঠান থাকলেও তাঁরা কিছু করতে পারছেন না জনবলের অভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অধিদপ্তর যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না। হয় প্রতিষ্ঠানটিকে জোরদার করা হোক, অন্যথায় বন্ধ করে দেওয়া হোক।