মন্ত্রণালয় ব্যস্ত নীতিমালা পরিবর্তনে ঢাকায় নামছে না নতুন ট্যাক্সিক্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ছয় হাজার নতুন ট্যাক্সিক্যাব নামানোর সিদ্ধান্ত এক বছরেও বাস্তবায়িত হয়নি। ট্যাক্সিক্যাব পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের ব্যর্থতা ও যোগাযোগ মন্ত্রণালয়ের অবহেলা এর কারণ।ট্যাক্সিক্যাব চালুর পর থেকে মন্ত্রণালয় কেবল এ-সংক্রান্ত নীতিমালা পরিবর্তনেই বেশি জোর দিয়েছে। এতে নতুন ট্যাক্সি নামানো এবং এ বাহনের সুষ্ঠু পরিচালনা অবহেলিত থেকে গেছে। ফলে রাজধানীতে এই সেবা প্রায় বিলুপ্তির পথে। এতে সিএনজিচালিত অটোরিকশার ওপর অতিরিক্ত নির্ভরতা এ খাতে নৈরাজ্য নগরবাসীর দুর্ভোগের কারণ হয়েছে।যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে নীতিমালা পরিবর্তন (গাইডলাইন) করে ঢাকায় নতুন ছয় হাজার ট্যাক্সিক্যাব নামানোর সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু এসব ট্যাক্সিক্যাব নামেনি। এরই মধ্যে মন্ত্রণালয় আরেক দফা নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত খসড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজধানীতে ট্যাক্সিক্যাব-সেবা চালুর পর এর আগে আটবার নীতিমালায় পরিবর্তন করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিবারই নীতিমালা পরিবর্তন করা হয়েছে কম সিসির (ইঞ্জিন ক্ষমতা) গাড়ি নামানোর লক্ষ্যে, নির্দিষ্ট কিছু আমদানিকারকের স্বার্থে।যোগাযোগসচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, সরকার ট্যাক্সিক্যাব নামানোর বিষয়ে খুবই সিরিয়াস। তবে অতীতে এই খাত নিয়ে নানা অনিয়ম হওয়ায় কিছুটা সতর্কতা অবলম্বন করা হয়েছে। শিগগিরই ট্যাক্সিক্যাব নামবে। সিসি পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এনবিআর ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরামর্শেই বিষয়টি চূড়ান্ত করা হবে।চুক্তি হয়েছে, ট্যাক্সি আসেনি: ছয় হাজার নতুন ট্যাক্সিক্যাব নামানোর অংশ হিসেবে গত ফেব্রুয়ারি মাসে বেসরকারি প্রতিষ্ঠান সারিকা ট্রেডিংয়ের সঙ্গে এক হাজার ট্যাক্সিক্যাব নামানোর চুক্তি করে বিআরটিএ। তিন মাসের মধ্যে এসব ট্যাক্সিক্যাব নামানোর কথা ছিল। কিন্তু এখনো নামেনি।ট্যাক্সিক্যাব না নামানো প্রসঙ্গে সারিকা ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্যাংকঋণ পেতে সমস্যা হওয়ায় এবং জাপানে সুনামির কারণে সময়মতো ট্যাক্সিক্যাব নামানো যায়নি। তিনি দাবি করেন, ১৪টি ট্যাক্সিক্যাবের একটি চালান জাহাজে আছে। শিগগিরই প্রায় ৫০টির আরেকটি চালান আসবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, আবেদনের ভিত্তিতে গত সপ্তাহে কর্ণফুলী ওয়ার্কস লিমিটেড নামের বেসরকারি প্রতিষ্ঠানকেও এক হাজার ট্যাক্সিক্যাব নামানোর অনুমতি দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি বিআরটিএর সঙ্গে চুক্তি করে এসব ট্যাক্সিক্যাব নামাবে।নিম্নমানের ট্যাক্সিক্যাব নামানোর ফলে ২০০১ সালের পর এই খাতে ধস নামে। ট্যাক্সিক্যাব পরিচালনাকারীরা প্রায় ৬০ কোটি টাকার ঋণখেলাপি হয়ে পড়েন। সূত্র জানায়, এ জন্য নতুন করে এই খাতে ঋণ দিতে চায় না ব্যাংকগুলো।বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, অনুন্নত দেশগুলোর রাজধানীতেও ট্যাক্সিক্যাব-সেবা আছে। ঢাকায় এটা না থাকায় ব্যক্তিগত গাড়ির ওপর চাপ বাড়ছে। গাড়ি বাড়ার কারণে বাড়ছে যানজট। এভাবে একটি রাজধানী শহর চলতে পারে না।ঢাকায় ট্যাক্সিক্যাব: সরকার ১৯৯৭ সালে রেয়াতি শুল্কে ট্যাক্সি আমদানি ও সেবা পরিচালনার সুযোগ দেয়। এরপর ঢাকায় ১১ হাজার ২৬০টি ট্যাক্সিক্যাব নামে। এগুলোর বেশির ভাগ ছিল ৭৯৬ থেকে ১২৪২ সিসির মধ্যে। কম সিসির কারণে এ খাতে ধস নামে।বিআরটিএর প্রতিবেদন থেকে জানা যায়, ৭৯৬ থেকে ১২৪২ সিসির যেসব ট্যাক্সি রাস্তায় ছিল, সেগুলোর মধ্যে প্রায় সাড়ে সাত হাজার দুই বছরের মধ্যে অকেজো হয়ে যায়। বাকি তিন হাজার ৩৫৭টির মধ্যে প্রায় দুই হাজার ছিল ১৩০১ থেকে ২০০০ সিসির হলুদ ট্যাক্সি। এগুলোর কিছু এখনো চলাচল করছে। বর্তমানে অনিয়মিতভাবে ৫০০-৭০০টি ট্যাক্সিক্যাব চলাচল করে।বারবার নীতিমালা পরিবর্তন: ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত সাতবার ট্যাক্সিক্যাবের নীতিমালা পরিবর্তন করা হয়। বর্তমান সরকারের সময়ে গত বছরের নভেম্বরে একবার নীতিমালার পরিবর্তন হয়েছে। আরেকবার বদলানোর জন্য খসড়া জুলাই মাসে এনবিআরে পাঠানো হয়েছে। নীতিমালার পরিবর্তন হয়েছে মূলত ট্যাক্সির অনুমোদিত সিসি, গাড়ি নতুন না ব্যবহূত প্রভৃতি বিষয়ে।জুলাইয়ে এনবিআরে পাঠানো খসড়ায় বলা হয়েছে, সর্বনিম্ন ১৪০০ সিসির গাড়ি আমদানি করে ট্যাক্সিক্যাব হিসেবে নামানো যাবে। নির্ধারিত ১০ বছরের সময়সীমা পূর্ণ হওয়ার আগেই যেসব ট্যাক্সিক্যাব অকেজো হয়েছে, সেগুলোর স্থলে নতুন ট্যাক্সিক্যাব নামানো যাবে। তবে সেগুলো হতে হবে ১৪০০ সিসির। বিদ্যমান নীতিমালায় সর্বনিম্ন ১৫০০ সিসির গাড়ি ট্যাক্সিক্যাব হিসেবে নামানোর কথা বলা হয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়, সিসি কমিয়ে ট্যাক্সি হিসেবে গাড়ি আমদানির বিষয়টি এখনো অনুমোদন দেয়নি এনবিআর।বিআরটিএর সূত্র জানায়, গাড়ি আমদানি করা একটি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি ১৪০০ সিসি-সংবলিত ডিজেলচালিত গাড়ি ট্যাক্সিক্যাব হিসেবে ঢাকায় নামাতে চায়। ২০০১ সালের পর ওই প্রতিষ্ঠান ভারতে তৈরি কম সিসির যে ট্যাক্সিক্যাব বাজারজাত করেছিল, সেগুলো দ্রুতই অকেজো হয়। এ ছাড়া ডিজেলচালিত ট্যাক্সিক্যাব বিশ্বে খুব একটা ব্যবহার না হওয়ায় এর ভবিষ্যত নিয়েও আশঙ্কা রয়েছে।