মার্কিন ধর্মপ্রচারককে মুক্তি দেবে উত্তর কোরিয়া
অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক করা মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। গত ডিসেম্বরে ধর্মীয় প্রচারক রবার্ট পার্ক চীন থেকে হেঁটে একটি বরফ নদী অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বিবিসিকে জানায়, নিজের ভুল স্বীকার করায় উত্তর কোরিয়া রবার্টকে ক্ষমা করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।রবার্ট পার্ক কোরিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি সীমান্ত এলাকা দিয়ে আসার সময় চিত্কার করে বলছিলেন, ‘আমি একজন মার্কিন নাগরিক। আমি ঈশ্বরের আশীবার্দ নিয়ে এসেছি। ঈশ্বর তোমাদের ভালোবাসেন এবং তোমাদের মঙ্গল করবেন।’গত বছর চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার অংশ থেকে দুইজন মার্কিন সাংবাদিক লরা লিং ও ইউনা লিকে আটক করে উত্তর কোরিয়া। প্রথমে তাদের ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও পরে একটি কূটনৈতিক মিশনের মধ্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওই দুই সাংবাদিককে ফেরত নিয়ে যান।