যমুনা ফিউচার পার্ক: হাইকোর্টের রায় স্থগিত করার আবেদনের ওপর আদালতের আদেশ কাল
রাজউকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর সিদ্ধান্ত জানাবেন কাল বৃহস্পতিবার। আজ বুধবার বেলা ১১টার দিকে উভয়পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশের এ সময় নির্ধারণ করেন।এর আগে গত ১৩ জানুয়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যমুনা ফিউচার পার্ক ভবনের অননুমোদিত অংশ ভাঙতে পার্ক কর্তৃপক্ষকে চূড়ান্ত নোটিশ দেন। পার্ক কর্তৃপক্ষ রাজউকের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন, যা আদালত খারিজ করে দেন।রাজউকের কৌঁসুলি এ এফ এম মেজবাউদ্দিন প্রথম আলোকে বলেন, শুনানি শেষে কাল আদেশের দিন ধার্য করা হয়েছে।আজ সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া শুনানিতে অংশ নেন যমুনা ফিউচার পার্কের পক্ষে আইনজীবী রফিক-উল হক এবং সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।শুনানিতে মাহবুবে আলম বলেন, যথাযথ নকশা অনুমোদন ছাড়াই ভবনটির সাত থেকে ১০তলা পর্যন্ত নির্মাণ করা হয়।র্যাংগস ভবনের উদাহরণ দিয়ে তিনি বলেন, র্যাংগস ভবনের ক্ষেত্রেও অননুমোদিত অংশ ভাঙা হয়েছিল।শুনানির একপর্যায়ে আদালত ভবন নির্মাণের ক্ষেত্রে নকশার অনুমোদন নিতে হয় বলে মন্তব্য করেন।এর আগে রফিক-উল হক বলেন, ইমারত নির্মাণ আইনের ৩(খ) ধারা অনুযায়ী এ ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ দিতে হয় এবং এ আইনে ওই নোটিশের ওপর শুনানির কথাও বলা আছে। কিন্তু রাজউক কোনো নোটিশ এবং শুনানির সুযোগ দেয়নি। এ ছাড়া হাইকোর্ট যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের রিট আবেদনটিও খারিজ করে দেন।