যানজট কমাতে রাজধানীতে চালু হচ্ছে ওয়াটার বাস
রাজধানীতে রাস্তায় যানজট ও যাত্রীর চাপ কমাতে এ মাস থেকেই ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমিনবাজার থেকে সদরঘাট পর্যন্ত দুটি বাস চলবে। বাসের আসন সংখ্যা ৩৫। আজ বৃহস্পতিবার দুপুরে নদীর নাব্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে ঢাকায় দখল হয়ে যাওয়া পাঁচটি খাল উদ্ধারে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। খালগুলো হলো কাটাসুর খাল, শ্যামপুর খাল, কল্যাণপুর (ক) খাল, হাজারীবাগ ও রামচন্দ্রপুর খাল। এ বিষয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে এ উচ্ছেদ অভিযান শুরু হবে। ঢাকা জেলা প্রশাসক ও ওয়াসা কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করবে। উদ্ধারের পর খালগুলোর পাশে পায়ে চলা পথ তৈরি করা হবে। বৈঠকে ভূমিমন্ত্রী রেজাউল করিম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী আবদুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ও সাংসদ সানজিদা খানম উপস্থিত ছিলেন।