রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে আহত ৩
রংপুর মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে ছাত্রলীগের একটি গ্রুপের তিনজন কর্মীকে মারধর করেছে ছাত্রলীগের অন্য একটি গ্রুপ। আহতেরা হলেন কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সোহাগ হোসেন ও ইমরান আলী এবং দ্বিতীয় বর্ষের ছাত্র রুহুল আমিন। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।ক্যাম্পাসে এখন উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আহত এই তিন ছাত্র কলেজ ক্যাম্পাসে অবস্থিত মুক্তা ছাত্রাবাসে ফিরছিল। এমন সময় কলেজ ছাত্রলীগের সুজন গ্রুপের নেতৃত্বাধীন বহিরাগত কর্মীরা তাঁদের জোর করে মুক্তা ছাত্রাবাসের পেছনের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে গিয়ে বেদম মারধর করে। কলেজ ক্যাম্পাসে ক্রিকেট খেলায় টাকার ভাগবাটোয়ারা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘাতের সূত্রপাত। এদিকে ছাত্রলীগের অন্য একটি পক্ষ জানায়, আগামী ৮ মার্চ ছাত্রলীগের রংপুর মেডিকেল কলেজ শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই কাউন্সিলের আগেই একটি গ্রুপ মহড়া প্রদর্শন করল। আহত ছাত্রলীগ কর্মী সোহাগ হোসেনের অভিযোগ, ছাত্রলীগের সুজন গ্রুপের বহিরাগত কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে তাঁদের ওপর এই হামলা করে।কলেজ ছাত্রলীগের সুজন গ্রুপের প্রধান সুজন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘তাদের কে বা কারা মারধর করেছে তা আমি জানি না। এর সঙ্গে আমি জড়িত নই।’ রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, এই মারধরের ঘটনা ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই ঘটেছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, এ ব্যাপারে আজ রোববার কলেজ একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়েছে। তিনজন বহিরাগতকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।