রাজধানীতে ফের সক্রিয় চাঁদাবাজেরা
রাজধানীর জুরাইনের আলমবাগের বাসিন্দা ঠিকাদার মো. ওয়াসিম মিয়া চাঁদাবাজদের হুমকিতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। গত ১৮ মার্চ শ্যামপুরের কালা আমির ও তাঁর সহযোগী শাকিল তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কিত ওয়াসিম মিয়া বাড়ির ফটকে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীও রেখেছেন। তিনি অভিযোগ করেন, এর আগে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে কালা আমির সহযোগীদের নিয়ে তাঁর বাড়িতে বোমা হামলা চালিয়েছিলেন। মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেও ফল পাওয়া যায়নি।মিরপুর ২ নম্বরের বাসিন্দা ফিনল্যান্ড-প্রবাসী মোহাম্মদ নজীব মোর্শেদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় সন্ত্রাসী মোক্তার ওরফে মুক্তার পরিচয়ে। চাঁদা না দিলে তাঁকেও হত্যার হুমকি দেওয়া হয়। ১৮ জানুয়ারি এ হুমকির পর নজীব জিডি করেছেন। তিনিও আতঙ্কে দিন কাটাচ্ছেন। চাঁদা না দেওয়ায় ৮ এপ্রিল উত্তর বাড্ডায় রড-সিমেন্টের ব্যবসায়ী মাহমুদ হাসানকে কুপিয়েছে সন্ত্রাসীরা।কেবল জুরাইন, মিরপুর ও বাড্ডা নয়, গত কয়েক মাসে রাজধানীর অনেক এলাকা থেকেই ভুক্তভোগী ব্যক্তিরা এমন অভিযোগ করেছেন। তাঁদের বেশির ভাগই নাম প্রকাশ করতে চাননি। অনেকে ভয়ে নীরবে চাঁদা দিয়েছেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকার সুযোগে চাঁদাবাজেরা আবার সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন ভূক্তভোগীরা। পুলিশের ধারণা, তিন শতাধিক সন্ত্রাসী নগরে চাঁদাবাজির সঙ্গে জড়িত।ভুক্তভোগী ব্যক্তিরাসহ বিভিন্ন সূত্র জানায়, গত ছয় মাসে রাজধানীতে চার শতাধিক চাঁদাবাজি ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। কিন্তু এ সময়ে বিভিন্ন থানায় চাঁদাবাজির মামলা হয়েছে ২৬টি। গ্রেপ্তার হয়েছে ১২ জন। হয়েছে কয়েকটি জিডিও।ভুক্তভোগী ব্যক্তিরা জানান, হয়রানি এবং ঘটনা প্রকাশিত হলে বিপদের আশঙ্কায় অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান না। এ জন্য মামলা ও জিডি কম হয়।তবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, পুলিশ চাঁদাবাজি প্রতিরোধে তৎপর আছে। অভিযোগ পেলে চাঁদাবাজদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতির সুযোগে চাঁদাবাজি বেড়েছে—এমনটা তিনি মনে করেন না।ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, চাঁদাবাজেরা ব্যবসায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা ও নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে সশরীরে গিয়ে, শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ফোন করে বা চিঠি দিয়ে চাঁদা চায়। চিঠি দেওয়া হয় সাধারণত বাড়ির দারোয়ান, পিয়ন ও কর্মচারীদের মাধ্যমে। ওই চিঠিতে থাকে চাঁদা দাবি করা সন্ত্রাসীদের নাম ও ফোন নম্বর।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় সন্ত্রাসী ও চাঁদাবাজেরা লুকিয়ে ছিল বা বিদেশে পালিয়ে গিয়েছিল। কিন্তু পরে এদের অনেকে এলাকায় ফিরে সহযোগীদের মাধ্যমে চাঁদাবাজি করছে। একেক এলাকায় একেক শীর্ষ সন্ত্রাসী বা সন্ত্রাসীর নামে চাঁদাবাজি চলছে, আবার কোথাও কোথাও সন্ত্রাসী নিজেই চাঁদাবাজি করছে। এর মধ্যে মিরপুর এলাকায় চাঁদাবাজি হয় শীর্ষ সন্ত্রাসী বিদেশে পলাতক শাহাদতের নামে। যেমন, গত অক্টোবরে তাঁর সহযোগী বসু পরিচয়ে এক ব্যক্তি মিরপুর থানা আওয়ামী লীগের নেতা এস এম হানিফের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ব্যাপারে হানিফ মিরপুর থানায় মামলাও করেন।নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুরের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী বলেন, ব্যবসা টিকিয়ে রাখতে ও ভয়ে তিনি প্রতি মাসে শীর্ষ সন্ত্রাসী শাহাদতকে ৫০ হাজার টাকা চাঁদা দিচ্ছেন। শাহাদতের সহযোগীরা এসে চাঁদা নিয়ে যায়।শাহ আলী এলাকার মসজিদুল আকবারের মহাসচিব মুহাম্মদ মহিবুল্লাহ জানান, শাহাদতের ঘনিষ্ঠ সহযোগী নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু গত অক্টোবরে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে অন্তত ৬০ বার ফোন করেন। তিনি থানায় জিডি করেন।সম্প্রতি ব্যাঙ্গা বাবু রাজবাড়ীর গোয়ালন্দে গ্রেপ্তার হয়েছেন। মিরপুরের ব্যবসায়ীরা অভিযোগ করেন, তাঁকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে তার সহযোগীরা বিপণিবিতানে চাঁদাবাজি করছে।মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র জানায়, পুরান ঢাকায় চাঁদাবাজি করছে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী মতিন। সম্প্রতি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে মতিন। নাম প্রকাশে অনিচ্ছুক ধোলাইখালে গাড়ির পুরোনো যন্ত্রপাতির এক ব্যবসায়ী ডিবি কার্যালয়ে অভিযোগ করেছেন, মতিনের সহযোগী সন্ত্রাসীরা দুই মাস আগে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুরান ঢাকায় সন্ত্রাসীরা আবার সক্রিয় হয়ে ফোনের পাশাপাশি সশরীরে গিয়েও চাঁদাবাজি করছে। সন্ত্রাসী মতিন ও তার সহযোগীদের গ্রেপ্তারে ডিবি তৎপর রয়েছে।শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে চাঁদাবাজি করা হচ্ছে রমনা, শাহবাগ ও মতিঝিল এলাকায়। তার পরিচয়ে জানুয়ারিতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে কণ্ঠশিল্পী কৃষ্ণকলিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।কৃষ্ণকলি প্রথম আলোকে বলেন, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় তিনি শাহবাগ থানায় জিডি করেন। কিন্তু পুলিশ এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেনি।মিরপুর ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজি করা হচ্ছে সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী বিকাশের পরিচয়ে। সম্প্রতি তার নামে ধানমন্ডির এক চিকিৎসককে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়। দীর্ঘ দিন প্রবাসে থাকা ওই চিকিৎসক জিডি করলেও ভয়ে নাম প্রকাশ করেননি।পুলিশের সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর ও তাজের অবর্তমানে (তাজ কারাগারে) কাফরুল থানা এলাকায় চাঁদাবাজি করছে শাহাদতের ঘনিষ্ঠ শাহীন সিকদার ও তার সহযোগীরা। কারাগারে আটক কিলার আব্বাস এবং তাজও সহযোগী মুক্তার, স্বপন ও মাসুদের মাধ্যমে চাঁদাবাজি করছে বলে পুলিশের কাছে তথ্য আছে। রাজধানীর অন্যান্য এলাকায়ও পলাতক বা কারাগারে আটক সন্ত্রাসীদের নামে তাদের সহযোগীরা চাঁদাবাজি করছে। এ ছাড়া এলাকাভিত্তিক সন্ত্রাসী ও উঠতি সন্ত্রাসীরাও চাঁদাবাজিতে সক্রিয় রয়েছে।মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান ভুক্তভোগী ব্যক্তিদের ডিবির চাঁদাবাজি প্রতিরোধ সেলে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, চাঁদাবাজি যেমন হচ্ছে, তেমনি চাঁদাবাজেরা গ্রেপ্তারও হচ্ছে।র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযোগ না করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজির ঘটনা জানবে কীভাবে? অভিযোগের ভিত্তিতে র্যাব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে। তিনি ভুক্তভোগী ব্যক্তিদের র্যাবের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন।