রামগতিতে মেঘনায় ডুবে গেছে এমভি গোলাপ-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়ায় মেঘনা নদীতে আজ বুধবার ভোরে এমভি গোলাপ-২ নামের একটি মালবাহী কোস্টার চালসহ ডুবে গেছে।কোস্টারটি খুলনার মহশ্বরপাশা মানিকতলা সরকারি খাদ্যগুদাম থেকে ৮৪৭ মেট্রিক টন (এক হাজার ২৬ বস্তা) চাল বোঝাই করে চট্রগ্রাম যাচ্ছিল।জানা যায়, চরগজারিয়া পাইলট ঘাটে নোঙর করা এমভি সেভেন সার্কেল-১২ নামের অন্য একটি কোস্টারের সঙ্গে ধাক্কা লাগার কারণে এমভি গোলাপ-২ ওই দুর্ঘটনায় পড়ে।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং এমভি সেভেন সার্কেল-১২ নামের কোস্টারটিকে আটক করা হয়েছে।মামলার বাদী এমভি গোলাপ-২-এর মাস্টার মো. দেলোয়ার হোসেন জানান, গত সোমবার খুলনার মহশ্বরপাশা মানিকতলা সরকারি খাদ্যগুদাম থেকে সরকারি চালবোঝাই করে চট্টগ্রাম যাওয়ার পথে তাঁরা গতকাল মঙ্গলবার রাতে চরগজারিয়া পাইলট ঘাটে নোঙর করে অবস্থান করছিলেন। আজ ভোরে এমভি সেভেন সার্কেল-১২ নামের ওই মালবাহী কোস্টারটি ধাক্কা দিলে এমভি গোলাপ-২-এর একপাশ ফেটে গিয়ে ধীরে ধীরে ডুবে যায়। ওই সময় তিনিসহ জাহাজের অন্য ১৩ জন কর্মচারী (স্টাফ) নদীতে লাফিয়ে পড়েন। পরে অন্যান্য জাহাজের লোকজন তাঁদের উদ্ধার করেন।এমভি সেভেন সার্কেল-১২-এর মাস্টার মো. মাহবুব আলম এমভি গোলাপ-২ জাহাজটিকে ধাক্কা দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তীব্র ভাটার স্রোতে এমভি গোলাপ-২ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর জাহাজের (এমভি সেভেন সার্কেল-১২) সামনে এসে ধাক্কা দেয়। এতে ওই জাহাজটি ফেটে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার সময় এমভি সেভেন সার্কেল-১২ নোঙর করা অবস্থায় ছিল বলে তিনি দাবি করেন।রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় দুর্ঘটনাকবলিত জাহাজটি উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া যায়নি বলে রামগতি থানার ওসি জানান।