অন্তর্বর্তীকালীন গোর্খা পার্বত্য পরিষদে দার্জিলিংয়ের সঙ্গে পার্শ্ববর্তী শিলিগুড়ি ও ডুয়ার্সকে অন্তর্ভুক্ত করার দাবিতে আজ শনিবার থেকে দার্জিলিংয়ে শুরু হয়েছে দুই দিনের (৪৮ ঘণ্টার) পাহাড় বনধ। এই বনধ ডেকেছে দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। একই সঙ্গে মোর্চার প্রধান বিমল গুরুং ঘোষণা করেছেন, তাঁদের দাবি মানা না হলে আগামী মাসের ১২ থেকে ২১ তারিখ পর্যন্ত আরও ১০ দিনের লাগাতার বন্ধ পালন করবেন তাঁরা। গোর্খা জনমুক্তি মোর্চা জানিয়েছে, ২৪ মে রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক বসবে। ওই বৈঠকে তাঁদের দাবি মেনে নেওয়া না হলে ১২ জুন থেকে একটানা ১০ দিনের বনধ চলবে দার্জিলিংয়ে। অন্যদিকে মোর্চার এ দাবির প্রতিবাদে শুক্রবার থেকে তিন দিনের বন্ধ শুরু করেছে ‘বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি’। অবশ্য পাহাড়ে এই বনেধর কোনো প্রভাব না পড়লেও সমতলের জনগোষ্ঠী এতে মিশ্রভাবে সাড়া দিয়েছে। তবে এই দুটি বনেধর ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে দার্জিলিংয়ের জনজীবন, আটকে পড়েছে বহু দেশি-বিদেশি পর্যটক। আশির দশকে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য প্রতিষ্ঠার দাবি প্রথমে তুলেছিলেন জিএনএলএফ নেতা সুভাষ ঘিসিং। সে সময় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কেউই ঘিসিংয়ের পৃথক রাজ্য গড়ার আন্দোলনকে সমর্থন করেনি। অগত্যা সুভাষ ঘিসিংকে প্রধান করে গড়া হয়েছিল দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ। এরপর জিএনএলএফ থেকে সুভাষ ঘিষিং বহিষ্কৃত হওয়ার পর নতুন করে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার দাবিতে আন্দোলন শুরু করেন সাবেক জিএনএলএফ নেতা বিমল গুরুং। গুরুং ২০০৭ সালের ৭ অক্টোবর গড়েন জনমুক্তি মোর্চা। তারপর বিমল গুরুং ঘোষণা করেন পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবি থেকে তাঁরা এক পাও পিছু হঠবেন না। আন্দোলন চলবে।এদিকে জনমুক্তি মোর্চার নেতারা পৃথক রাজ্যের দাবির পক্ষে রাজনৈতিক সমর্থন জোগাড় করতে না পেরে এবার বিকল্প পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা এখন দার্জিলিং, শিলিগুড়ি ও ডুয়ার্সকে নিয়ে পৃথক একটি অন্তর্বর্তীকালীন স্বশাসিত অঞ্চল গড়তে চাইছেন।