শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ মোকাবিলা করবে। আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক সংগীত উত্সব উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সংগীতই হতে পারে গণতন্ত্র, স্বাধীনতা ও অসাম্প্রদায়িকতার পক্ষে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চেতনা জাগ্রত করার হাতিয়ার।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অবস্থাটি একটি অদ্ভুত ধরনের। একদিকে যেমন জঙ্গিবাদ, সন্ত্রাস নানাভাবে মানুষকে একেবারে অতিষ্ঠ করে তুলে, ঠিক পাশাপাশি আমাদের শিল্প, সংস্কৃতিচর্চা আমাদের উজ্জীবিত করে। আমরা কিন্তু এ দুমুখী অবস্থার ভেতরে দিয়ে চলছি। বাঙালি জাতি কখনো হেরে যায় না, বাঙালি জাতি কখনো মাথা নোয়ায় না। বাঙাালি জাতি সব সময় মাথা উঁচু করে চলে। সব ধরনের প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। বাংলাদেশ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা পাবে।’আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ‘বাংলায় গাইবে বিশ্ব’ শিরোনামে শেরেবাংলা নগরের বাণিজ্য মেলা মাঠে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংগীত উত্সব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একুশে গানের সিডি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে একটি সচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন।