শিশুদের মর্যাদা রক্ষায় সহনশীল হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা সবাই কি মালিকের ছোট শিশুটির ভালো চাই?’ ১০ বছরের গৃহকর্মী রূপালির প্রশ্নে হলভর্তি শিশু হাত উঁচিয়ে বলে, ‘হ্যাঁ, ভালো চাই। তাহলে আমরা তাদের কাছে আমাদের নিরাপত্তার দাবি জানাতেই পারি।’ আজ মঙ্গলবার প্রথমবারের মতো গৃহকর্মী শিশুদের জাতীয় সম্মেলনে ছোট ছোট আহ্বান আর বড় স্বপ্ন নিয়ে এক হাজার গৃহকর্মী শিশু নিজেদের অধিকার দাবি জানালো।ওসমানী স্মৃতি মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক), শ্রমজীবী শিশুদের সঙ্গে আমরা ও সেভ দ্য চিলড্রেনের (সুইডেন-ডেনমার্ক) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। দেশের ছয় বিভাগের গৃহকর্মী শিশু, তাদের নিয়োগকারী অভিভাবক একত্রিত হয়ে তাদের শ্রমকে স্বীকৃতি দেওয়ার দাবি তোলে।‘গৃহের অভ্যন্তরে আইনের বাইরে’ স্লোগান নিয়ে শিশুশ্রমে নিয়োজিতদের অধিকার প্রতিষ্ঠায় আইনি ব্যবস্থা থাকা, নিজেদের জীবনমান বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়গুলোর কথা সরকারকে জানাবে সেই শিশুরাই। এই পর্যায় পর্যন্ত আসার আগে ‘গৃহে আবদ্ধ ও আইনের আওতার বহির্ভূত গৃহকাজে নিয়োজিত শিশুশ্রমিক: সরকার ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক একটি গবেষণা করেছেন আয়োজকেরা।আয়োজক সংগঠন আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, নিজের শিশুটির মুখের দিকে তাকালেই গৃহকর্মী শিশুটির প্রতিচ্ছবি দেখতে পাওয়ার কথা। প্রতিটি শিশুর নাগরিক মর্যাদা পাওয়ার এবং শঙ্কামুক্ত জীবনযাপনের অধিকার আছে। সেই প্রাপ্যটুকু তার কাছে আন্তরিকভাবে পৌঁছে দিতে হবে।উদ্বোধনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের ভারপ্রাপ্ত সচিব ইলিয়াস আহমেদ বলেন, গৃহের অভ্যন্তরে গৃহকর্ত্রীর হাতে নির্যাতনের শিকার হওয়া বন্ধ করতে সচেতনতা বাড়াতে হবে। শিশুটির ব্যক্তিত্ব বিকাশে আমাদের করণীয় কী হবে, সেটা নির্ধারণের পথ খুঁজতে আয়োজকদের আহ্বান জানান তিনি।এর আগে গবেষণাপত্রের মূল বিষয়গুলো তুলে ধরেন সেভ দ্য চিলড্রেনের (সুইডেন-ডেনমার্ক) প্রকল্প সমন্বয়ক শাহিদা বেগম। তিনি বলেন, দেশে শিশুশ্রমিকের ৯৩ শতাংশই গৃহকর্মে নিয়োজিত। এর মধ্যে ৮০ শতাংশ কন্যাশিশু। এই বিশালসংখ্যক শিশুর অধিকার রক্ষায় কোনো আইন নেই। গবেষণায় বলা হয়েছে, ৪৮ শতাংশ শিশু গৃহে কাজ করতে আসে মা-বাবার কথা শুনে। গৃহে কর্মরত এই শিশুদের ৩৬ শতাংশ ৯ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করে।