আমদানি পণ্য শুল্কায়নের পরও বন্দর থেকে তা খালাস করছেন না অনেক আমদানিকারক। গত তিন সপ্তাহে এ প্রবণতা অনেক বেড়ে গেছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। এসব পণ্যের শুল্ক-কর বাবদ সরকারের এক হাজার ৪১ কোটি টাকার রাজস্ব আটকে আছে। কাস্টম হাউস সূত্র জানায়, এসব পণ্য আমদানিতে কোনো অনিয়ম হয়নি। এ কারণে পণ্য খালাস না করার বিষয়টিকে রহস্যজনক মনে করছেন কর্মকর্তারা। তাই তাঁরা এসব পণ্য খালাস করতে পাঁচ শতাধিক আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের কাছে চিঠি দিতে যাচ্ছেন। কাস্টম হাউস সূত্র জানায়, সাধারণত শুল্কায়ন করার কয়েক দিনের মধ্যে পণ্য খালাস করেন আমদানিকারকেরা। অথচ নভেম্বর মাসের শেষ তিন সপ্তাহে এক হাজার ২০০ আমদানি পণ্যের চালান শুল্কায়ন হলেও খালাস করেননি তাঁরা। গত পাঁচ মাসের হিসাবে খালাস না হওয়া চালানের সংখ্যা দুই হাজার ৪২৭টি। টাকার অঙ্কে এসব আমদানি পণ্যের মূল্য পাঁচ হাজার ৪৬১ কোটি টাকা। কাস্টম হাউসের নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার মো. মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ পণ্য খালাস না করার প্রবণতা শনাক্ত করেছি আমরা। এসব পণ্যের শুল্ক-কর পরিশোধ করে খালাসের তাগাদা দিতে সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের কাছে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। খালাস না হলে এসব পণ্য নিলামে তোলা হবে।’ হঠাৎ শুল্কায়িত পণ্য কেন খালাস করা হচ্ছে না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।নথিপত্রে দেখা যায়, আটকে থাকা পণ্যের মধ্যে বেশি রয়েছে একবার ব্যবহূত (রিকন্ডিশন্ড) গাড়ি। প্রায় আড়াই হাজার কোটি টাকার এসব গাড়ির বিপরীতে শুল্ক-কর পাওনা রয়েছে ২৭৯ কোটি টাকা। এ ছাড়া ভোগ্যপণ্য, ইলেকট্রনিক-সামগ্রীসহ কনটেইনারভর্তি বিভিন্ন ধরনের পণ্যও রয়েছে। এ ব্যাপারে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘এ রকম পরিস্থিতিতে কাস্টম হাউস থেকে তালিকা পেলে আমরা সদস্যদের (সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান) মাধ্যমে আমদানিকারদের অবহিত করি, যাতে তাঁরা দ্রুত শুল্ক-কর পরিশোধ করে পণ্য খালাস করেন।’ সাধারণত শুল্কায়ন জটিলতার কারণে অনেক সময় পণ্য খালাসে দেরি হয় বলে মন্তব্য করেন তিনি।রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সহসভাপতি ও আমদানিকারক প্রতিষ্ঠান ফোর হুইলার্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গাড়ি কেনায় ব্যাংকের সুযোগ-সুবিধা আগের মতো নেই। এ কারণে গাড়ি বিক্রি কমে গেছে। বিক্রি কমায় খালাস কমে গেছে বলে তিনি জানান। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে ৩০ দিনের বেশি পড়ে থাকা আমদানি পণ্যের স্তূপ বাড়ছে। গতকালের হিসাবে, শুধু কনটেইনার পড়ে আছে এক হাজার ৭৪২টি। এ ছাড়া গাড়ির সংখ্যাও প্রায় দেড় হাজার। নতুন করে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার পণ্য নিলামে তোলা হলে বন্দরের স্বয়ংক্রিয় কনটেইনার ব্যবস্থাপনা পদ্ধতি (সিটিএমএস) বাস্তবায়নও বাধার মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বন্দর কর্মকর্তারা। এ ব্যাপারে বন্দরের সিটিএমএস প্রকল্পের পরিচালক প্রকৌশলী খায়রুল মোস্তফা প্রথম আলোকে বলেন, সিটিএমএস বাস্তবায়নে কনটেইনার রাখার বাড়তি জায়গা প্রয়োজন। আমদানিকারকেরা কনটেইনার খালাস না করায় এই পদ্ধতির বাস্তবায়ন-প্রক্রিয়া বাধার মুখে পড়ছে।