শ্রমিকনেতা বাকিরের মৃত্যু তদন্তে লিখিত আবেদনের নির্দেশ
কারাগারে চিকিত্সাধীন অবস্থায় শ্রমিকনেতা বি এম বাকির হোসেনের মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তাঁর আইনজীবীদের লিখিত আবেদন করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে চারজন বিচারপতির একটি বেঞ্চ এ নির্দেশ দেন।একটি মামলায় বাকির হোসেনের জামিন আবেদনের ওপর ওই বেঞ্চে আজ শুনানি হওয়ার কথা ছিল। শুনানির শুরুতে বাকিরের আইনজীবী রফিক-উল হক বলেছেন, কারা হেফাজতে বাকির হোসেন মৃত্যুবরণ করেছেন। তাঁর এই মৃত্যুর ঘটনা স্বাভাবিক নয়। এ বিষয়ে তদন্তের নির্দেশনা প্রয়োজন।আদালত বাকিরের আইনজীবীর উদ্দেশে তদন্তের নির্দেশনা চেয়ে একটি লিখিত আবেদন করার নির্দেশ দেন। পাশাপাশি বুধবার শুনানির দিন ধার্য করেন। বন্দী অবস্থায় গত ২২ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন বি এম বাকির হোসেন। তাত্ক্ষণিকভাবে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থান সংকুলান না হওয়ায় ২৫ ডিসেম্বর তাঁকে লালমাটিয়া মিলেনিয়াম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁর পরিবারের সদস্যদের সম্মতিতে ওই দিনই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাকির হোসেন মারা যান। জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দিকে ২০০৭ সালের ৯ জুলাই গ্রেপ্তার হন বি এম বাকির হোসেন। ওই সময় তত্ত্বাবধায়ক সরকার সন্দেহভাজন দুর্নীতিবাজদের যে তালিকা করেছিল, তাতে তাঁর নাম ছিল। সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের মে মাসে আদালত বাকির হোসেনকে ১৩ বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় বাকির হোসেনের স্ত্রী নাজমা হোসেনকেও আদালত তিন বছরের কারাদণ্ড দেন।