শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের শুরুতেই সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগেই কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে দেশটিতে নির্বাচন ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।জাফনার স্থানীয় লোকজন চারটি বোমা বিস্ফোরণের কথা জানালেও নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণকারী একটি দল দুটি বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে। পর্যবেক্ষণকারী দলের মুখপাত্র জানান, বোমা হামলা দুটির একটির লক্ষ্য ছিল ক্ষমতাসীন ফ্রিডম পার্টির সংগঠক সুব্রামানিয়াম শর্মার বাড়ি। তবে কে বা কারা এ হামলা চালায় তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। বিবিসির একটি সূত্র জানায়, হামলা দুটির লক্ষ্য ছিল বিরোধীদলীয় এক সাংসদের বাড়ি এবং দুটি ভোটকেন্দ্র।দুমাস ধরে চলা নির্বাচনী প্রচারণাকালে প্রায় এক হাজার সহিংস ঘটনায় চারজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির একজন জ্যেষ্ঠ সদস্য কুমারাতুঙ্গা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের সহিংসতা, ভীতি প্রদর্শন এবং দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।প্রায় চার দশকের গৃহযুদ্ধের অবসানের পর দেশটিতে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। আজ সকালে ভোটগ্রহণ শুরুর প্রথমদিকেই রাজধানী কলম্বোর একটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। দেশটির নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ শেষ হওয়ার তিন ঘণ্টা পর থেকে ভোট গণনা শুরু হবে। আগামীকাল বুধবার ফল প্রকাশ করা হবে বলে কমিশন আশা করছে।নির্বাচনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে প্রেসিডেন্ট রাজাপক্ষে এবং সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকার মধ্যে। রাজাপক্ষে লড়ছেন ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের প্রার্থী হিসেবে আর ফনসেকা ইউনাইটেড ন্যাশনাল পার্টি ও জনতা ভিমুক্তি পেরামুনাসহ কয়েকটি প্রধান বিরোধী দলের পক্ষে।এ নির্বাচনে মোট ভোটারসংখ্যা এক কোটি ৪০ লাখ। দেশজুড়ে ১১ হাজার ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়েছে প্রায় ৬৮ হাজার পুলিশ ও ১২ হাজার সৈন্য।কিন্তু বিরোধী দল বলেছে, যদি এই নিরাপত্তা বাহিনী সহিংসতা প্রতিরোধ করতে ব্যর্থ হয় তবে তারা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করবে।ফনসেকা অভিযোগ করেন, সরকার সহিংসতার মাধ্যমে ভোটারদের ভীতিগ্রস্ত করতে চায়। তিনি বলেন, ‘সরকার চায় নির্বাচনে পরাজিত হলে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে।’রাজাপক্ষে সকালে তাঁর গ্রাম মেডামোলানার একটি কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি জানান, এই নির্বাচনের বিজয় হবে স্মরণীয়। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর ভবিষ্যত্ গঠনের আশা করছি।স্থানীয় লোকজন জানান, তাঁরা শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।