সরকার বুড়িগঙ্গাসহ সব নদী দখলমুক্ত করবেই: হাছান মাহমুদ
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে বুড়িগঙ্গা দখল ও দূষণমুক্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, কেবল কথার ফুলঝুড়ি নয়, কাজেই প্রমাণিত হবে বুড়িগঙ্গা বর্তমান সরকার দখল ও দূষণমুক্ত করতে পারবে কি না। আজ মঙ্গলবার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। বাপা বুড়িগঙ্গা বাঁচাতে সরকারি পদক্ষেপ ও এ ব্যাপারে জনমত সৃষ্টির লক্ষে এ নাগরিক সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। হাছান মাহমুদ বলেন, শিল্পকারখানা স্থাপনের আগে সব উদ্যোক্তাকে বিশেষ পরিবেশগত ছাড়পত্র নিতে হয়। সাধারণ নিয়মে তাদের পর্যাপ্ত বর্জ্য শোধনাগার, পানি পরিশোধনের ব্যবস্থা ইত্যাদি রয়েছে কি না, সে ব্যাপারগুলো দেখে শিল্প স্থাপন করতে দেওয়া হয়। কিন্তু এর কিছু ব্যত্যয় লক্ষ করা গেছে। যারা এ ব্যাপারে উদাসীন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বুড়িগঙ্গাকে বাঁচাতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ঢাকা শহরকে বাঁচাতে হলে বুড়িগঙ্গাকে রক্ষা করার বিকল্প নেই।’ হাজারীবাগের চামড়া শিল্প অতি দ্রুত সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। তিনি বলেন, জলাধার সংরক্ষণ আইনের প্রয়োগের মাধ্যমে সারা দেশে নদীগুলো দখল রোধ করা যেতে পারে। তিনি ইতিমধ্যে দখল হয়ে যাওয়া নদীগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান। তিনি আরও বলেন, নদী দূষণ রোধ ও নদীগুলোকে দখলমুক্ত রাখতে জনগণের মধ্যেও সচেতনতা থাকতে হবে।