সরকারই কেবল যেকোনো দলকে নিষিদ্ধ করতে পারে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। ধর্মীয় বা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলকে যদি বাতিল করতে হয়, তবে তা সরকারকেই করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শামসুল হুদা আজ রোববার দুপুরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।সিইসি বলেন, সরকার যদি নিবন্ধিত বা অনিবন্ধিত কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে, তবেই নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারবে।গতকাল শনিবার ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধের ব্যাপারে সরকারি পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা অনুযায়ী ইসি চূড়ান্ত করবে ধর্মভিত্তিক রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে কি না। তবে তিনি বলেন, আদালতের রায়ের কপি হাতে পেলে সরকার এ ব্যাপারে করণীয় নির্ধারণ করবে। আইনমন্ত্রীর এমন জবাবের পরিপ্রেক্ষিতেই আজ সিইসি সাংবাদিকদের কাছে উপর্যুক্ত মন্তব্য করেন।সিইসি বলেন, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী মে মাস থেকেই পর্যায়ক্রমে শুরু হবে এবং শেষ সপ্তাহে হবে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন। তবে ৪৫ দিন হাতে রেখেই তফসিল ঘোষণা করা হবে। হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশে ইউপি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে।