সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত জ্যোতি বসু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও উপমহাদেশের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুকে বিনম্র শ্রদ্ধায় শেষ বিদায় জানাচ্ছে পশ্চিমবঙ্গবাসী। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জ্যোতি বসুর মৃতদেহ বিধানসভা ভবনে রাখা হয়েছে। এখানে বেলা তিনটা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে মরদেহ। দেশ-বিদেশের নেতারাও এখানেই বরেণ্য এ নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন। বুদ্ধদেব ভট্টাচার্য, প্রকাশ কারাতসহ কমিউনিস্ট নেতারা সেখানে উপস্থিত আছেন। সাবেক এই মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর শেষ যাত্রা হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ-বিদেশের নেতারাও যোগ দেবেন। এর আগে আজ সকাল সাড়ে সাতটায় জ্যোতি বসুর মরদেহ কলকাতার রফি আহমেদ কিদোয়াই সড়কের পিস হ্যাভেন থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে। মারা যাওয়ার পর এই পিস হ্যাভেনেই জ্যোতি বসুর মরদেহ রাখা হয়। দলীয় কার্যালয়ে দেশের বিভিন্ন স্থানের এবং রাজ্যের বিভিন্ন জেলার নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় রাজ্য সচিবালয় বা মহাকরণে। এ মহাকরণেই একসময় তিনি টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর চেয়ার আগলে রেখেছিলেন। এখানে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে। বেলা তিনটার পর শোক মিছিলসহ মরদেহ নিয়ে যাওয়া হবে মোহরকুঞ্জে। বিকেল চারটায় ভারতীয় সেনাবাহিনী এখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাবে জ্যোতি বসুকে। তারপর মরদেহ নিয়ে শোক মিছিল যাবে কলকাতার পিজি হাসপাতালে। এখানে তাঁর মরদেহ তুলে দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। জ্যোতি বসু মৃত্যুর আগে ২০০৩ সালের ৪ এপ্রিল তাঁর চোখ এবং দেহ দান করে গিয়েছিলেন এ হাসপাতালে। দেহ দান করে সেদিন জ্যোতি বসু বলেছিলেন, মৃত্যুর পর তাঁর দেহ চিকিত্সাবিজ্ঞানের কাজে লাগুক—এটাই তিনি চান।