সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে আস্থার অভাব রয়েছে: হাসান মাহমুদ
পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ বলেছেন, সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে আস্থার অভাব রয়েছে। বৃহত্ পরিসরে জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে এ আস্থার অভাব দূর করা সম্ভব। তিনি এজন্য দেশ থেকে সব ধরনের অপরাধ দমনে সবার সহায়তা চান।আজ শুক্রবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সম্মেলনকক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে হাসান মাহমুদ এ কথা বলেন। এফবিসিসিআই এই বৈঠকের আয়োজন করে।হাসান মাহমুদ বলেন, অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় করতে সরকার পুলিশ সংস্কার কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। পুলিশের কিছু আইন ও বিধি পরিবর্তন করে অপরাধ দমনের ক্ষেত্রে গতি বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। হাসান মাহমুদ প্রতি তিন মাসে একবার করে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসে আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করবেন বলেও আশ্বাস দেন। তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আমরা আস্থা সৃষ্টি করতে চাই।’বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের নেতারা ঝামেলামুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ‘কো-অপারেশন সেল’ গঠনের পক্ষে মত দিয়েছেন।ব্যবসায়ী নেতারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্পরতার কারণে গত মাসে পোশাকশিল্পে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। তাঁরা পুলিশের এই দায়িত্বপূর্ণ কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এফবিসিসিআইয়ের পরিচালক, ঢাকা মহানগর দোকান মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এই বৈঠকে তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।এফবিসিসিআইয়ের পরিচালক হারুন-অর রশিদ দুঃসহ যানজট নিরসনে রাস্তা থেকে পুরোনো গাড়ি তুলে নেওয়ার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা প্রায়ই টেলিফোনে ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে হুমকি দেয়।রপ্তানিমুখী জাহাজ নির্মাণ শিল্পকারখানা মালিক সমিতির সভাপতি আবদুল্লাহ বারী বলেন, নদীতীরবর্তী এলাকায় অবস্থিত জাহাজ নির্মাণ কারখানাগুলো নিরাপত্তাহীনতায় রয়েছে। কেননা, পুলিশ এ এলাকায় কদাচিত্ টহলে আসে। তাই কারখানাগুলোর নিরাপত্তা বাড়াতে নিয়মিত পুলিশি টহল জোরদার করা প্রয়োজন। বাসস