সার্ককে অর্থবহ করতে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সার্ককে অর্থবহ সংগঠন হিসেবে গড়তে ভুটানসহ সদস্যভুক্ত সব সদস্যরাষ্ট্রের একযোগে কাজ করার আহ্বান জানান।শেখ হাসিনা আজ মঙ্গলবার সার্ক উপলক্ষে বিশেষভাবে নির্মিত সার্ক ভিলেজের বাংলাদেশ হাউসে ভুটানের প্রধানমন্ত্রী লিওনচেন জিগমি ওয়াই থিনলের সঙ্গে আলোচনাকালে এ আহবান জানান।প্রধানমন্ত্রী আশা করেন, এ অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৬তম শীর্ষ সম্মেলনটি পুরোপুরি সফল হবে।দক্ষিণ এশীয় অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের পথে দারিদ্র্যকে প্রধান অন্তরায় হিসেবে উল্লেখ করে তিনি এশিয়া থেকে দারিদ্র্য নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দুই নেতা দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।এ সময় এ সম্মেলনে জলবায়ু পরিবর্তনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ায় শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন।সার্কভুক্ত দেশগুলোতে বর্তমানে নির্বাচিত সরকার বিদ্যমান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশীয় জনগণের বৃহত্তর স্বার্থে এ অঞ্চলের দেশগুলোতে গণতন্ত্র আরও শক্তিশালীকরণের এখনই উপযুক্ত সময়।বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী তাঁর দেশের চিকিত্সা খাতে বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে থিনলে শেখ হাসিনার প্রতি বাংলাদেশে ভুটানের মেডিকেল শিক্ষার্থীদের জন্য বৃত্তি আরও বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।