সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেললাইন ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক আলহাজ শাহ আলম কলেজ এমপিওভুক্তির দাবিতে আজ রোববার ঢাকা-চট্টগ্রাম রেললাইন সাড়ে তিন ঘণ্টা অবরোধ করা হয়। ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিক্ষুব্ধ লোকজন উপজেলার মন্দভাগ রেলস্টেশনে সকাল নয়টার দিকে রেললাইন অবরোধ করে।পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) আবদুল মান্নান ঘটনাস্থলে পৌঁছে ওই কলেজ এমপিওভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টায় অবরোধ তুলে নেওয়া হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।জানা গেছে, অবরোধকারীরা সকাল নয়টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি লোকাল ট্রেন মন্দভাগ রেলস্টেশনে আটকে দেয়। ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেললাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে।খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ কবীর ঘটনাস্থলে যান। তাঁরা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেও বিক্ষুব্ধরা তাদের দাবিতে অনড় থাকে। পরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে কলেজ এমপিওভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টায় অবরোধ তুলে নেয় তারা।বায়েক আলহাজ শাহ আলম কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম প্রথম আলোকে জানান, ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন বর্তমান সাংসদ মোহাম্মদ শাহ আলম। এ কলেজে এ পর্যন্ত নয়টি ব্যাচ পরীক্ষায় অংশ নিয়ে গড়ে ৮০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে। এ বছরও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ভালো ফলাফল করেছেন। এমপিওভুক্তির সব শর্ত পূরণ করা হয়। কিন্তু এর পরও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় এলাকার লোকজন, শিক্ষক ও শিক্ষার্থীরা বাধ্য হয়ে রেললাইন অবরোধ করে।কসবা রেলস্টেশনের মাস্টার ডি কে বড়ুয়া জানান, মন্দভাগ রেলস্টেশনে ভৈরবগামী লোকাল ট্রেন আটকে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেললাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী; ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এবং ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। জেলা প্রশাসক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজটির বিগত কয়েক বছরের ফলাফল ও বর্তমান পরিস্থিতি মন্ত্রণালয়কে অবহিত করে এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।