সিলেটে দোকান থেকে ১৫ লাখ টাকা লুট
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা বাজারে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক ডাকাতির ঘটনা ঘটেছে। দোকান মালিকপক্ষের দাবি, ডাকাতেরা নগদ পাঁচ লাখ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গুরুতর আহত দোকানের মালিক ইরন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দোকানের ম্যানেজার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ১৮ থেকে ২০ জনের একটি ডাকাত দল ওই দোকানে ঢুকে মালিককে মারধর করে নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের মধ্যে অনেকের মুখে মুখোশ ছিল।সরেজমিনে এলাকা পরিদর্শন করে জানা গেছে, ইরন মিয়ার দোকান থেকে এলাকার ১২ থেকে ১৫টি বাজারের ব্যবসায়ীরা পাইকারি দামে মালামাল ক্রয় করেন। ফলে প্রতিদিন দোকানে দুই-তিন লাখ টাকার মালামাল বিক্রি হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ইরন মিয়া সিলেট থেকে আরও কয়েক লাখ টাকার মালামাল নিয়ে আসেন। ব্যবসায়িক ঝামেলা ও তীব্র শীতের কারণে ইরন মিয়া দোকানেই থেকে যান। তাই ব্যবসার টাকাও সরাতে পারেননি তিনি। এ সুযোগ কাজে লাগিয়েছে ডাকাত দলটি। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কে পুলিশের টহল থাকে। কিন্তু গতকাল রাতে টহল না থাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে। এর সঙ্গে পুলিশ জড়িত থাকতে পারে।দোকানের ম্যানেজার জানান, বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীমের সঙ্গে প্রথমে যোগাযোগ করা হলে তিনি সকালে আসবেন বলে জানান এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। কিন্তু এ সময় ওসির মোবাইল ফোন বন্ধ ছিল।বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ বলেন, ‘থানার উপপরিদর্শক হামিদের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় টহলরত ছিল। আর আলীম বদলি হয়ে জকিগঞ্জে চলে গেছে। সে হয়তো তাঁর ওসির নম্বর দিয়েছে। আমার মোবাইল ফোন সব সময় খোলা থাকে। তার বদলি হওয়ার কথাটা ওনাদের বলা উচিত ছিল।’