স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপির সাংসদেরা
বিএনপির সংসদীয় দল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ দাবি করেন। এর আগে প্রায় ১০ মাস পর আজ সংসদে যোগ দিলেও ওয়াক আউট করে বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার একই কথা বলেন।স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘সংসদে আবার ফিরে যাব কি না, তার সিদ্ধান্ত হয়নি। যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তবে আমরা নতুন করে বসে সিদ্ধান্ত নেব।’মওদুদ আহমদ বলেন, ‘সিদ্ধান্ত আছে সংসদে যাব, যাব না সে সিদ্ধান্ত নেই। তবে আপনাদের অপেক্ষা করতে হবে।’ বিএনপি সহসাই সংসদে ফিরছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা জাতীয় স্বার্থবিরোধী কাজ করলে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’মওদুদ আহমদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৩০০ বিধিতে সংসদে শহীদ জিয়াকে খুনি বলেছেন, যা শিষ্টাচার বিরোধী। আমরা পয়েন্ট অব অর্ডারে ৩০০ বিধিতে প্রশ্ন করতে চাইলে চাইলে স্পিকার বলেন, ৩০০ বিধিতে প্রশ্ন করা যায় না। কিন্তু স্পিকার ভুল বলেছেন। ৩০০ বিধিতে যদি অশালীন ও শিষ্টাচারবহির্ভূত উক্তি করা হয়, তাহলে প্রশ্ন করা যায়। কিন্তু বিবৃতি দেওয়ার পর প্রশ্ন করা যায় না—এ কথা বলা নেই।’মওদুদ আহমদ বলেন, ‘আমরা পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চেয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শহীদ জিয়ার সম্পৃক্ততা নেই। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্বেষপূর্ণ ও উদ্দেশ্যমূলক বক্তব্য রেখেছেন, যাতে বিএনপি সংসদে না থাকে।’স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে মওদুদ আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের মৃত্যু, সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ও রাজধানীতে চালব্যবসায়ী খুন হওয়ার ঘটনাই প্রমাণ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থ হয়েছেন। তাই তাঁর পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতারা।