স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২০০ চিকিৎসকের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনির হোসেন পদোন্নতি পাওয়া চিকিৎসকদের একজন। কিন্তু তিনি স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেন পদোন্নতির আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের দুই মাস পর। আবেদনের শর্ত ছিল স্নাতকোত্তর ডিগ্রি থাকা। সার্জারির সিনিয়র কনসালট্যান্ট মো. সিরাজুল হক ও জুনিয়র কনসালট্যান্ট এ কে এম শাহাদৎ হোসেইন পদোন্নতি পেয়েছেন ইউরোলজি বিভাগে। চিকিৎসক হাসিবুল হাসান পদোন্নতি পেয়েছেন ক্যাটারেক্ট ও চক্ষু—উভয় বিভাগে।শুধু এ ধরনের অসংগতি নয়, যোগ্যতার সব শর্ত পূরণ না করেও সরকারি দলের সমর্থক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রভাবশালী নেতাদের একটি বড় অংশ পদোন্নতি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। পদোন্নতি-প্রক্রিয়ার নানা কথিত অসংগতি ও অনিয়ম নিয়ে এখন পর্যন্ত মন্ত্রণালয়ে ২০০-এর বেশি চিকিৎসক অভিযোগ করেছেন।গত ৩১ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পদোন্নতি পাওয়া ৭৫৫ জন চিকিৎসকের নামের তালিকা প্রকাশ করা হয়। তাঁদের মধ্যে ৬৪৪ জন সহকারী অধ্যাপক এবং ১২১ জন সহযোগী অধ্যাপক।স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি শীর্ষ সূত্র পদোন্নতির ব্যাপারে চাপ থাকার কথা স্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র প্রথম আলোকে জানায়, বিভাগীয় পদোন্নতি কমিটি জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুপারিশ করেছিল। সব রাজনৈতিক আমলের মতো এবারও কিছু চাপ ছিল। সেই চাপ অগ্রাহ্য করা যায়নি। তবে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলান দাবি করেন, এ বিষয়ে তাঁদের সংগঠনের কোনো ভূমিকা ছিল না।বিভাগীয় পদোন্নতি কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার আশরাফুল ইসলাম বলেন, শিক্ষক পদে পদোন্নতিতে স্নাতকোত্তর ডিগ্রি ও প্রকাশনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জ্যেষ্ঠতাকেও বিবেচনায় আনা হয়েছে।কিন্তু সরকারি চিকিৎসকদের সংগঠন ক্যাডার ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা বলছেন, পদোন্নতি কমিটির এই দাবি সঠিক নয়। তাঁরা বলছেন, ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিৎসক নেতারাও পদোন্নতি পেয়েছেন। সর্বোচ্চ ডিগ্রিধারী জ্যেষ্ঠ চিকিৎসকদের ডিঙিয়ে নবীন চিকিৎসকদের পদোন্নতি হয়েছে। ক্যাডার ডক্টরস অ্যাসোসিয়েশন সরকারি চাকরির জ্যেষ্ঠতা লঙ্ঘন ও বিসিএস নিয়োগ বিধিমালা ভঙ্গের অভিযোগ করে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।মন্ত্রণালয় বলেছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।অভিযোগের আঙুল নেতাদের দিকে: পদোন্নতির জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ফরমে আইএসটি (ইন সার্ভিস ট্রেনিং) ও ক্যাডার চিকিৎসকদের আবেদন করার নির্দেশনা ছিল। কিন্তু আইএসটি ক্যাটাগরিতে পদোন্নতি পাওয়া ব্যক্তিদের তালিকায় প্রকল্পভুক্ত চিকিৎসকদের নাম রয়েছে। প্রকল্পভুক্ত চিকিৎসকদের বেশির ভাগই স্বাচিপের নেতা। তাঁদের মধ্যে রয়েছেন বিএমএর সাংগঠনিক সম্পাদক ও স্বাচিপের সাংস্কৃতিক সম্পাদক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের চিকিৎসক উত্তম বড়ুয়া, বিএমএর দপ্তর সম্পাদক ও স্বাচিপের প্রচার সম্পাদক জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক কামরুল হাসান, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক এবং স্বাচিপের নেতা মো. নাইমুল হক শাম্মী, নারায়ণ চন্দ্র দত্ত, বিশ্বাস আক্তার হোসেন, মো. আবু রায়হান প্রমুখ।ক্যাডার ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবি, ক্যাডার পদে নন-ক্যাডার চিকিৎসকদের পদোন্নতি দিয়ে সরকার শৃঙ্খলা ভঙ্গ করেছে। পদোন্নতি পাওয়া ব্যক্তিদের তালিকায় আছেন ৯০ জন নন-ক্যাডার চিকিৎসক। স্বাস্থ্যসচিব মু. হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, সরকার ক্যাডারভুক্ত চিকিৎসকদের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে। খুব কমসংখ্যক নন-ক্যাডার চিকিৎসক পদোন্নতি পেয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ২২ বছর ধরে চাকরি করেও রেসপিরেটরি মেডিসিন বিভাগে অষ্টম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক মাহবুবুল ইসলাম পদোন্নতি পাননি। কিন্তু পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও স্বাচিপের সাংস্কৃতিক সম্পাদক উত্তম বড়ুয়া।জানতে চাইলে উত্তম বড়ুয়া প্রথম আলোকে বলেন, পদোন্নতি মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়েছে। কারও কোনো অভিযোগ থাকলে মন্ত্রণালয়ে অভিযোগ দিক। একাধিক স্বাচিপ নেতা এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন, স্বাচিপ করায় কোনো দোষ নেই।জ্যেষ্ঠতা লঙ্ঘন: চিকিৎসকদের সবচেয়ে বেশি ক্ষোভ কথিত জ্যেষ্ঠতা লঙ্ঘনে। ‘পদোন্নতিবঞ্চিত’ চিকিৎসকদের বেশ কয়েকজন আদালতে প্রতিকার চাইবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। বঞ্চিত দাবি করা কমপক্ষে ১২ জন ক্ষুব্ধ চিকিৎসক বলেন, সরকারি আদেশ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের দৃষ্টান্ত পাওয়া গেছে। অষ্টম বিসিএসে উত্তীর্ণ সার্জারি বিভাগের চিকিৎসক সৈয়দ মোজাম্মেল হোসেন ১৯৯৮ সালে এফসিপিএস করেন। তাঁকে ডিঙিয়ে ১৭তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে। অষ্টম বিসিএসে উত্তীর্ণ স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের নাদিরা খান ২০০৪ সালে এফসিপিএস করেন। তিনি না পেলেও তাঁর পরে চাকরিতে যোগ দেওয়া কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন।বঞ্চিত চিকিৎসকেরা বলছেন, নাক, কান, গলা বিভাগে অষ্টম বিসিএসের তিনজন পদোন্নতি পেয়েছেন। এরপর অষ্টম ও নবম বিসিএসে উত্তীর্ণ সাতজন চিকিৎসককে ডিঙিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে ১৩তম বিসিএসের পাঁচজনকে। কার্ডিওলজি বিভাগে ষষ্ঠ বিসিএসের শমসের আলী, সপ্তম বিসিএসের শেখ মো. ইউনূস আলী ও আইয়ুব আলী পদোন্নতি পাননি। পেয়েছেন অষ্টম ও নবম বিসিএসের আটজন চিকিৎসক। ভাসকুলার সার্জারি বিভাগে অষ্টম বিসিএসের বজলুল গনি ভূঁইয়া ও দশম বিসিএসের নির্মল কান্তি দে-কে ডিঙিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে ১৩তম ও ১৭তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের। কার্ডিয়াক সার্জারি ও নেফ্রোলজি বিভাগেও এ রকম উদাহরণ আছে।