বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা সাত দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে সংসদ নির্বাচন কমিশনের পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ আদেশ দেন। এ সময়ের মধ্যে নির্বাচন কমিশনেকে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে নির্দেশ দিয়েছেন আদালত।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও উপজেলা কমান্ড নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিতের জন্য গত ৩১ মে আপিল বিভাগে আবেদন করা হয়।জানা যায়, গত ১৮ এপ্রিল সংসদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনের জন্য ২৬ জুন দিন নির্ধারণ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে এক রিটের পরিপ্রেক্ষিতে গত ২৬ মে হাইকোর্টের একটি বেঞ্চ জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল অবৈধ ঘোষণা করে রায় দেন। স্থগিত হয়ে যায় জেলা ও উপজেলা কমান্ডের নির্বাচন।মূল রিট আবেদনকারীর পক্ষে কৌঁসুলি মাসুদ রেজা সোবহান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায় স্থগিত করা হলেও ২৬ জুন একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ডে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, কাল প্রতীক বরাদ্দের দিন ধার্য রয়েছে। এর আগে হাইকোর্টের রায়ের পরপরই জেলা ও উপজেলা কমান্ড নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়। ফলে এ সময়ের মধ্যে মনোনয়ন চূড়ান্ত, পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা রয়েই যায়।