হাইতিতে ভয়াবহ ভূমিকম্প, বহু প্রাণহানির আশঙ্কা
হাইতিতে বাংলাদেশ সময় আজ বুধবার ভোর চারটার দিকে সাত দশমিক পাঁচ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু লোকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আশপাশের এলাকা এই ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি অনলাইনের।ভূমিকম্পটি পোর্ট-অ-প্রিন্স থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পে হাইতির টেলিযোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো জানা যায়নি। তবে ধ্বংসস্তূপের নিচে বহু লোক আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পে পোর্ট-অ-প্রিন্সে রাষ্ট্রপতির প্রাসাদ, পার্লামেন্ট ভবন, ক্যাথেড্রাল ও বেশকিছু সরকারি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তর পুরোপুরি ধসে পড়ে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন হাইতির এই দুর্যোগে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। ভূমিকম্পের পরপরই পুরো ক্যারিবীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।