৩১ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে বড়পুকুরিয়া কয়লাখনি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের কারণে কয়লাখনির পার্শ্ববর্তী এলাকার ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় জীবন ও সম্পদ রক্ষা কমিটি আজ রোববার বেলা ১১টা থেকে কালুপাড়া এলাকায় এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কয়লাখনিতে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের ফলে ১০টি গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে এবং ৬৪৬ একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।জীবন ও সম্পদ রক্ষা কমিটি মানববন্ধন শেষে বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনটির আহ্বায়ক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বেলালউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, খনি কর্তৃপক্ষ ক্ষতিপূরণের নামে চালাকি ও ধোঁকাবাজি শুরু করেছে। এর আগেও পেট্রোবাংলা কর্তৃপক্ষ, মন্ত্রী, সচিব এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে জীবন ও সম্পদ রক্ষা কমিটির নেতারা বৈঠক করেছে। কিন্তু আজও ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যাপারে কোনো সুরহা হয়নি। ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও একটি বৈঠক করেন ক্ষতিগ্রস্ত এলাকার ৪০ জন প্রতিনিধি। তিনি সেই বৈঠকে খুব তাড়াতাড়িই ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন। তিনি ৩১ জানুয়ারি মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান। না-হয় সেদিন থেকে বড়পুকুরিয়া কয়লাখনি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তিনি আরও বলেন, ৩১ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষই দায়ী থাকবে।