৫ মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল
সরকারি মৎস্য বিভাগে জেলা মৎস্য কর্মকর্তা পদে পদোন্নতির ক্ষেত্রে হাইকোর্টের আদেশ অমান্য করায় মৎস্যসচিব, যুগ্ম সচিব, মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক রফিকুল ইসলাম, বর্তমান মহাপরিচালক আবদুল খালেক এবং জ্যেষ্ঠ সহকারী সচিব সাব্বির আহমেদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই রুল জারি করেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজুর মোর্শেদ প্রথম আলোকে বলেন, আদালত অবমাননার দায়ে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা এ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে।জানা যায়, জেলা মৎস্য কর্মকর্তা পদে পদোন্নতির বৈধতা চ্যালেঞ্জ করে নয়জন উপজেলা মৎস্য কর্মকর্তা হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ ৫ জানুয়ারি পদোন্নতি কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে গত ৭ জানুয়ারি মৎস্য বিভাগ জেলা মৎস্য কর্মকর্তা পদে কয়েকজনকে পদোন্নতি দেয়।