৬২ অভিযুক্তের মধ্যে ৪০ জন দোষ স্বীকার করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করের ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিডিআরের ৬২ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে আজ রোববার। আজ সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। শুনানি চলছে জায়লস্করের ১৯ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। মামলার প্রসিকিউটর ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন এই ৬২ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এ সময় আদালত আসামিদের প্রত্যেকের কাছে সে দোষী না নির্দোষ তা জানতে চান। জবাবে ৪০ জন জওয়ান নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। অবশিষ্ট ২২ জন নিজেদের নির্দোষ দাবি করেন। বিডিআর সূত্র জানায়, বিচারকাজে সহযোগিতা করছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফরহাদ আহমদ, দুই বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। এ ছাড়া বিচারকাজ পর্যবেক্ষণের জন্য কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মির্জা এজাজুর রহমান, ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদসহ কাছের বিডিআর ইউনিটগুলোর পদস্থ কর্মকর্তারা আদালতে উপস্থিত রয়েছেন।