৬২ হাজার মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ, যাচাই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের প্রায় ৬২ হাজার মুক্তিযোদ্ধার তালিকাভুক্তি নিয়ে অভিযোগ উঠেছে। তাঁদের তথ্য যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে এ পর্যন্ত মোট ৬২ হাজার অভিযোগ এসেছে। তাঁদের মধ্যে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাও আছেন। সরকারের সিদ্ধান্তে আমরা এসব অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করছি। যাচাই-বাছাই ডিসেম্বর-জানুয়ারির মধ্যে শেষ হবে।’ তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়। তাঁদের মধ্যে যেমন অমুক্তিযোদ্ধা আছেন, তেমনি মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছেন, এমন লোকও আছেন।মুক্তিযোদ্ধা সংসদ জানায়, অভিযোগ ওঠা ব্যক্তিদের মধ্যে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারাও রয়েছেন।বর্তমান মহাজোট সরকারের আমলেও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং সনদ নিয়েছেন। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে যাঁদের সরকারি চাকরির মেয়াদ বেড়েছে বা যাঁরা মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন, তাঁদের বিষয়েও যাচাই করা হচ্ছে। তিনি বলেন, ‘নামের ভুলসহ ছোটখাটো কিছু বিষয়েও আমাদের কাছে জানতে চেয়ে অনেকে আবেদন করেছেন। এগুলোও যাচাই হবে।’মুক্তিযোদ্ধা সংসদ সূত্রমতে, বিভাগওয়ারি ঢাকা বিভাগে বেশি অভিযোগ এসেছে ময়মনসিংহ জেলা থেকে। এ জেলার দুই হাজার ১২৩ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঢাকা বিভাগে সবচেয়ে কম অভিযোগ এসেছে শেরপুর থেকে, ১০ জনের বিরুদ্ধে।চট্টগ্রাম বিভাগে বেশি অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া থেকে, দুই হাজার ৯০৮ জনের বিরুদ্ধে। এ বিভাগে সবচেয়ে কম রাঙামাটিতে, দুজনের বিরুদ্ধে। সিলেটে বেশি সুনামগঞ্জে (৫৫০ জন) এবং কম মৌলভীবাজারে (২৬ জন)। খুলনা বিভাগে বেশি যশোরে (এক হাজার ৯২১ জন) এবং কম খুলনা মহানগরে (৪৭ জন)। রাজশাহী বিভাগে বেশি বগুড়ায় (দুই হাজার ৪৩৫ জন) এবং কম জয়পুরহাটে (১৫৭ জন)। রংপুর বিভাগে বেশি দিনাজপুরে (৯৬৪ জন) এবং কম পঞ্চগড়ে (১১৮ জন)। বরিশাল বিভাগে বেশি বরিশালে (এক হাজার ৮০৭ জন) এবং কম ঝালকাঠিতে (১৬৩ জন)।মুক্তিযোদ্ধা সংসদ জানায়, এই যাচাই-বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধা সংসদের সব উপজেলা ও থানা কমান্ডের কাছে নির্ধারিত ফরম পাঠানো হয়েছে। এসব ফরম নিতে অভিযোগ ওঠা ব্যক্তিদের চিঠি দেওয়া শুরু হয়েছে। তাঁদের ১০০ টাকা মূল্যের এই ফরম পূরণ করে উপজেলা বা থানা বাছাই কমিটিতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে হবে। উপজেলা বাছাই কমিটি যাচাই শেষে সুপারিশসহ ফরম জেলা পুনর্নিরীক্ষা ও আপিল নিষ্পত্তি কমিটিতে পাঠাবে। জেলা কমিটি পাঠাবে কেন্দ্রীয় পুনর্নিরীক্ষা ও আপিল নিষ্পত্তি কমিটিতে। কেন্দ্রীয় কমিটি যাচাই করে মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।যাচাই-বাছাইয়ের জন্য ফরম তোলার চিঠি পাওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাটোরে এর প্রতিবাদে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। সেখানে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সোলায়মান আলীও এ চিঠি পেয়েছেন। কয়েক দিন আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা আবদুল মালেক ক্ষোভের সঙ্গে বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরির জন্য এসব করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম সচিব বলেন, ‘গেজেটভুক্ত হওয়াসহ সংশ্লিষ্ট সব জায়গায় আমার নাম আছে। মুক্তিযোদ্ধা হিসেবে চাকরিতে দুই বছরের মেয়াদও বেড়েছে। অথচ এখন শুনছি, আমার নামে নাকি অভিযোগ। এটা কেমন কথা!’খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার চিঠি পাওয়ার বিষয়ে জানতে চাইলে কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘যিনি বা যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা অভিযোগে শুধু নাম লিখেছেন, ওই ব্যক্তি খেতাবপ্রাপ্ত কি না, তা লেখেননি। তবে আমরা উপজেলা কমান্ড কাউন্সিলকে নির্দেশ দিয়েছি, মুক্তিবার্তা লাল বইয়ে নাম থাকা কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁদের চিঠি দেওয়ার প্রয়োজন নেই। এ কারণে আমরা ৬২ হাজার অভিযোগ পেলেও সবার জন্য ওই ফরম পাঠাইনি।’তালিকাভুক্তির জন্য এক লাখ ৩০ হাজার আবেদন: মুক্তিযোদ্ধা সংসদ জানায়, নতুন করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য এক লাখ ৩০ হাজার জন আবেদন করেছেন। হেলাল মোর্শেদ খান বলেন, অভিযোগ যাচাই-বাছাইয়ের পর অন্তর্ভুক্তির কাজ করা হবে।মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বর্তমানে মুক্তিযোদ্ধার সঠিক হিসাব পাওয়া যায়নি। গেজেট অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৯৮ হাজার। তবে মুক্তিবার্তার তালিকা অনুযায়ী, এর সংখ্যা এক লাখ ৫৪ হাজার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আরও কয়েক শ জনকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করা হয়।মুক্তিযোদ্ধাদের ডেটাবেইস হচ্ছে, পাবেন স্থায়ী সনদ: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সারা দেশের মুক্তিযোদ্ধাদের ডেটাবেইস তৈরি করছে। এ জন্য ‘মুক্তিযোদ্ধাদের ডেটাবেইস তৈরি ও গণ-উদ্বুদ্ধকরণ’ শীর্ষক কর্মসূচিও নেওয়া হয়েছে। ডেটাবেইস ফরমে মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় তথ্য দিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।কর্মসূচির পরিচালক ও মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ মজিবুল হক বলেন, তথ্য পাওয়ার পর পূর্ণাঙ্গ ডেটাবেইস তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে।মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বলেন, এই ডেটাবেইস হলে অনেক কিছু সহজ হবে। মুক্তিযোদ্ধাদের হয়রানি কমবে। তিনি বলেন, ডেটাবেইস তৈরির পর মুক্তিযোদ্ধাদের স্থায়ী সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে।এ সনদে কয়েকটি নিরাপত্তামূলক চিহ্ন থাকবে বলে জানান কর্মসূচি পরিচালক। তিনি বলেন, এতে নির্ধারিত পদ্ধতিতে সনদের সত্যতা যাচাই করা যাবে। এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সাময়িক সনদ দেওয়া হচ্ছে।