‘ক্রসফায়ার’ প্রদর্শনী: আদালতের পরামর্শে রিট ফেরত নিল দৃক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ওপর দৃক গ্যালারি আয়োজিত ক্রসফায়ার শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীটি বন্ধ করে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনহীন মনে করে বাদীকে ফেরত দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি শহীদুল ইসলামের একক অবকাশকালীন বেঞ্চ জানান, পুলিশ প্রত্যাহার করা হয়েছে। এ অবস্থায় রিট আবেদনটি ফেরত নেওয়ার পরামর্শ দিয়ে প্রয়োজনে আবার আদালতে আসার কথা বলেন বিচারপতি শহীদুল ইসলাম। শুনানিতে অংশ নিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, দৃক গ্যালারিতে মোতায়েন করা পুলিশ প্রত্যাহার করা হয়েছে। তাই রিট আবেদনটির আর যৌক্তিকতা নেই। প্রদর্শনীটি বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে তিনি তা আয়োজনের জন্য পুলিশের কাছ থেকে অনাপত্তিপত্র না নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। প্রদর্শনীকে কেন্দ্র করে বিদেশি দর্শনার্থীরাও অনুষ্ঠানে এসেছিল। তাদের নিরাপত্তা রক্ষার জন্যও পুলিশ মোতায়েন করা হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী সারা হোসেন বলেন, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কিছু না বলে হঠাত্ পুলিশ প্রত্যাহার করা হয়। এর পরও দর্শনার্থীদের প্রদর্শন হলে প্রবেশ করার সময় বাধা দেওয়া হয়। এমনকি লেখিকা বেবী মওদুদকেও প্রদর্শনীতে ঢুকতে বাধা দেওয়া হয়। এদিকে দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বলেন, তিনি শত শত প্রদর্শনী করেছেন। অনুমতির দরকার হয়নি। আপত্তিও জানানো হয়নি। উল্লেখ্য, দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বাদী হয়ে রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে প্রদর্শনীতে বাধা দেওয়াকে অবৈধ ঘোষণার পাশাপাশি প্রদর্শনীতে বাধা না দিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়। এতে সরকারের স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়।২২ মার্চ ধানমন্ডির দৃক গ্যালারিতে ক্রসফায়ার নিয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে বাধা দেওয়া হয়। এ অবস্থাতেই রাস্তার ওপরেই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন ঔপন্যাসিক মহাশ্বেতা দেবী।