ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাইরের ‘ডায়াগনস্টিক সেন্টারের’ তিন কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করে কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরে হাসপাতালের ভেতরে রক্তের নমুনা সংগ্রহের সময় তাঁদের আটক করা হয়। আটকের কিছুক্ষণের মধ্যেই মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার ব্যাপারে পুলিশ বলছে, ঢাকা মেডিকেল থেকে ফোন করে তাঁদের ছেড়ে দিতে বলা হয়েছে। আর ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলছে, ‘এ রকম বলার কথা না। কারণ ঢাকা মেডিকেলে তাঁদের প্রবেশ বেআইনি।’আটক ব্যক্তিরা হলেন সাইদুর রহমান, নুরুল ইসলাম ও আবুল কাশেম। এঁদের মধ্যে সাইদুর রহমান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এবং নুরুল ইসলাম ও আবুল কাশেম দ্য প্যাথলজি সেন্টার নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী বলে দাবি করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে তাঁরা ১৯ নম্বর ওয়ার্ডে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করছিলেন। এ সময় ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখে হাসপাতালের পরিচালক তাঁদের হাতেনাতে ধরে ফেলেন।এরপর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। পরে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।এদিকে এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, ‘আমরা পুলিশকে ওই রকম (ছেড়ে দিতে) কিছু বলিনি। তারা তো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান। তাঁদের হাসপাতালে ঢোকার সময় বা অসময় বলে কিছু নেই। তাঁরা তো নমুনা নিতে হাসপাতালে ঢুকতেই পারেন না। হাসপাতাল কর্তৃপক্ষ শুধু বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের ঢোকার জন্য সপ্তাহে দুদিন করে সময় বেঁধে দিয়েছে।’পরিচালক বলেন, ‘আমরা পুলিশকে ধরে দিয়েছি। এর পরের সিদ্ধান্ত তো পুলিশকে নিতে হবে।’সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের রক্তসহ সব রকম পরীক্ষার পর্যাপ্ত ব্যাবস্থা রয়েছে। এর পরও বিভিন্ন ‘ডায়াগনস্টিক সেন্টারের’ কর্মী ও দালালেরা ওয়ার্ডগুলোতে ঘুরে ঘুরে রোগীর স্বজনদের ফুসলিয়ে বা জোর করে রক্ত, মল-মূত্রসহ বিভিন্ন পরীক্ষা তাঁদের প্রতিষ্ঠান থেকে করাতে বাধ্য করেন। এর জন্য রোগীদের দিতে হয় কয়েকগুণ বেশি টাকা। দালাল আর কর্মীরা ওই টাকার ভাগ পান।এদিকে আটকের কিছুক্ষণের মধ্যেই ওই তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, থানায় আনার পর তাঁদের হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়েছে যে, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তাই মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দিতে বলা হলে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, হাসপাতাল থেকে পুলিশকে বলা হয়েছে, তাঁদের জন্য সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে তাঁরা নির্ধারিত সময়েই হাসপাতালে প্রবেশ করবেন।