‘সেই’ বিমানকর্মীদের শূন্য পদে নিয়োগ দিতে বলেছেন আদালত
তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্বেচ্ছা-অবসরের নামে ‘ছাঁটাই’ হওয়া বিমানকর্মীদের চাকরি ফেরতের পক্ষে মত দিয়েছেন উচ্চ আদালত। তাঁদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শূন্যপদের বিপরীতে নতুন করে নিয়োগ দিতে বলা হয়েছে।ক্ষতিগ্রস্ত বিমানকর্মীদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন।রায়ে ভবিষ্যতে কোনো পদ শূন্য হলে বা নতুন করে পদসংখ্যা বাড়ানো হলে জ্যেষ্ঠতা, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অতীত রেকর্ড ও স্বাস্থ্যগত সক্ষমতার ভিত্তিতে এসব কর্মীকে নিয়োগ দিতে বলা হয়েছে বলে রিটকারীদের আইনজীবী সালাহউদ্দিন দোলন প্রথম আলোকে জানান।এ ছাড়া যাঁরা তখন স্বেচ্ছা-অবসর কর্মসূচির (ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম—ভিআরএস) আওতায় আর্থিক সুবিধা উত্তোলন করেননি, তাঁদের জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়।বিমানের কৌঁসুলি মেজবাহুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত বিমানের ৬০৮টি অনুমোদিত শূন্যপদের বিপরীতে রিট আবেদনকারীদের জ্যেষ্ঠতা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অতীত রেকর্ড ও শারীরিক সক্ষমতা বিবেচনা করে যত শিগগির সম্ভব নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।রিট আবেদনকারীদের পক্ষে আরও আইনজীবী ছিলেন আবদুল মতিন খসরু, আহসানুল করিম, মাহাবুব শফিক, কে এম হাফিজুল আলম প্রমুখ। বিমানের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীদের মধ্যে আরও ছিলেন আখতার ইমাম, কামাল উল আলম ও জোনায়েদ আহমেদ চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক ও খোন্দকার দিলীরুজ্জামান।২০০৭ সালের জুন মাসে ভিআরএসের মাধ্যমে বিমানের এক হাজার ৮৭৭ জন কর্মীকে ছাঁটাই করা হয়। তাঁরা তখনই গণমাধ্যমে অভিযোগ করেন, স্বেচ্ছায় নয়, জোরপূর্বক তাঁদের ভিআরএস ফরম পূরণে বাধ্য করা হয়েছে। পরে চাকরি ফিরে পেতে এক হাজার ১৭১ জন বিমানকর্মী হাইকোর্টে ৬১টি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। গতকাল আদালত রুল নিষ্পত্তি করে রায় দেন।