...অতঃপর ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সন্ধ্যা। ঢাকার ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন সবুজ। ছন্দা হলে ছবি দেখার জন্য এসেছেন তিনি। টিকিট কাউন্টারের সামনে ঘোরাঘুরি করছেন। এমন সময় বোরকাপরিহিত একটি মেয়ে পাশে এসে জিজ্ঞাসা করে, ‘আপনি কি একা ছবি দেখতে এসেছেন।’ সবুজ বলেন, ‘জি, আমি একা।’ মেয়েটি তাঁকে বলে, ‘আমিও একা, তাহলে একসঙ্গে দুটি টিকিট কেনেন না, আমি আপনার সঙ্গে ছবি দেখব।’ সবুজ কোনো কথা না বলে দুটি টিকিট কিনে ফেলেন। অগত্যা মেয়েটিকে নিয়ে হলেও ঢোকেন। ছবির বিরতি না পড়তেই সবুজ সর্বস্ব হারিয়ে হল থেকে দৌড়ে পালান। এভাবেই রূপের ফাঁদে পা দিয়ে ছিনতাইকারীদের পাল্লায় পড়ছেন অনেকে। ফার্মগেটের ফুটওভারব্রিজে দাঁড়িয়ে এক রমণীর সঙ্গে অন্তরঙ্গ আলাপ করতে গিয়ে সর্বস্ব খুইয়েছেন একজন চাকরিজীবী। নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি জানান, অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফিরছিলেন। রাত প্রায় সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার জন্য ফুটওভারব্রিজে ওঠার পর তাঁর চোখ চলে যায় ওভারব্রিজের এক মাথায়। পরিপাটি বেশভূষার এক রমণী সেখানে দাঁড়িয়ে ছিল। ওই লোকটি বলেন, ‘আমি এগিয়ে মেয়েটির সঙ্গে কথা বললাম। তার সঙ্গে কথা বলতে বেশ ভালোই লাগছিল। এমন সময় হঠাৎ আমার পিঠে কিসের গুঁতো টের পেলাম। তারা আমার কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়।’ফার্মগেটের ওভারব্রিজ ও সিনেমা হলের সামনে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত একদল নারীকে শুধু এদিক-ওদিক পায়চারি করতে দেখা যায়। তাদের গন্তব্য কোথায় বা এরা কারা? নতুন আসা ব্যক্তিদের মনে এ রকম প্রশ্ন জাগতে পারে। অনেকে মনে করেন, এরা যৌনকর্মী। কিন্তু এরা সাধারণ যৌনকর্মীর বেশভূষায় প্রতারণার ফাদে ফেলছে সাধারণ পথচারীদের। দেহপসারিণীর টোপ দিয়ে এরা সাধারণ পথচারীদের বোকা বানিয়ে নিয়ে যায় নিজেদের আখড়ায় এবং সেখান থেকে সর্বস্বান্ত করে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটছে।ঢাকা শহরে শুধু ফার্মগেট নয়, রায়সাহেব বাজার এলাকার রূপমহল সিনেমা হলের সামনে, সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ-সংলগ্ন ফুটপাত, রমনা উদ্যান ও কাকরাইলসংলগ্ন সড়কের ফুটপাত এবং মগবাজার এলাকায় দেহপসারিণীর সাজে ঘুরে বেড়ায় এসব প্রতারকচক্র। এদের চারপাশে দালাল সেজে ঘুরঘুর করে ছিনতাইকাজের মূল হোতা পুরুষেরা। অনেকেই এদের ফাঁদে পড়ে সবকিছু খুইয়ে ফিরছে বাসায়। মানসম্মানের ভয়ে কেউ কোনো রকম আইনি সহযোগিতার চেষ্টাও করে না। প্রশাসনের সামনে ঘটছে এসব, যেন দেখার কেউ নেই। প্রশাসন এর নির্মূলে কোনো উদ্যোগও নিচ্ছে না।পাদটীকা: ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ৭৪ ধারামতে, যদি কেউ কোনো রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে অথবা সেখান থেকে দৃষ্টিগোচরে কোনো ঘর বা দালানের ভেতরে থেকে হোক বা না হোক, এমনভাবে নিম্নলিখিত কোনো কাজ করে যাতে কোনো রাস্তা বা সাধারণের ব্যবহার্য স্থান থেকে তা দেখা বা শোনা যায়—(ক) বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি বা অশ্লীল দেহভঙ্গির দ্বারা কারও মনোযোগ আকর্ষণ করে বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করে; অথবা (খ) বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ভোলায় বা বিরক্ত করে, তবে সেই ব্যক্তিকে তিন মাস কারাদণ্ড অথবা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় করা হবে।