আগের দিনে একপশলা বৃষ্টি হয়ে গেছে। সকালে কেটে গেছে মেঘ। ঝলমলে রোদ্দুরে পাখা মেলে দিয়েছে গাঙচিল। চারদিক থেকে আসছে আমের মুকুলের মিষ্টি একটা ঘ্রাণ। এমন দিনে কি আর ঘরে বসে থাকা যায়!নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই আসতে শুরু করে শিক্ষার্থীরা। সবার মুখেই আনন্দ-উচ্ছলতার ছাপ! নোয়াখালীতে এবারই প্রথমবারের মতো ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হচ্ছে, আর তাই বুঝি স্থানীয় শিক্ষার্থীদের উচ্ছ্বাসটা একটু বেশি!১৮ ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর থেকে শিক্ষার্থীরা নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছিল সপ্তম এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক পর্বের প্রথম উৎসবে। কেউ গল্পে মশগুল, বই খুলে পড়ছিল কেউ কেউ! দুই বন্ধুর মধ্যে তুমুল বাকযুদ্ধ শুনলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে। স্কুলের দেয়ালে টাঙানো ভাষাসৈনিক রফিক, সালাম, শফিউর, জব্বার, বরকতের সংক্ষিপ্ত জীবনী একনজর দেখে নিচ্ছে কোনো কোনো শিক্ষার্থী। আর কেউ কেউ তথ্যকেন্দ্রে এসে গম্ভীর মুখে জানতে চাইছে, ‘জনাব, আমার আসনটি কোথায়?’সকাল ১০টায় সবাই লাইনে দাঁড়িয়ে গেল। জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করলেন নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা আক্তার। ভাষা প্রতিযোগের পতাকা তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, এইচএসবিসি কর্মকর্তা নেয়ামত উল্লাহসহ আরও অনেকে। শিক্ষার্থীদের বিপুল করতালির মধ্য দিয়ে প্রধান শিক্ষিকা রোজিনা আক্তার উৎসবের উদ্বোধন ঘোষণা করলেন।বেজে উঠল পরীক্ষার ঘণ্টা। পরীক্ষার হলে শিক্ষার্থীদের কেউ কেউ বেশ খুশিমনে পরীক্ষা দিচ্ছে, কেউ কপালে হাত দিয়ে গভীর মনোযোগ দিয়ে প্রশ্ন দেখছে। কোনো কোনো শিক্ষার্থী কলম কামড়াচ্ছে নয়তো মাথা চুলকিয়ে বুদ্ধি করছে—কী করা যায়!এদিক-সেদিক দেখাদেখি করে উত্তর পাওয়া যায় কি না সে চেষ্টাও করছে কেউ কেউ! আর অমনি শিক্ষকদের কড়া হুঁশিয়ারি।এদিকে মা-বাবারা বাইরে বসে বসে আরেক পরীক্ষা দিচ্ছেন! এই পরীক্ষা ‘টেনশনের’! ছেলেমেয়েদের জন্য তাঁদের চিন্তার শেষ নেই। এক মা ছেলের ক্রিকেটপ্রীতি নিয়ে বেশ চিন্তিত, ‘সারা দিন মাঠেই পড়ে থাকে, পড়াশোনার কোনো বালাই নেই।’তবে মা-বাবারা যেন যুক্তি করে এসেছিলেন। বাবারা বসেছেন এক দলে, আর মায়েরা আরেক দলে!আবারও ঘণ্টা, ৩০ মিনিটের পরীক্ষা শেষ!আবার শুরু হয়ে গেল ছোটাছুটি। অল্প সময়ের মধ্যেই প্যান্ডেলের নিচের সব আসন পূর্ণ হয়ে গেল। প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, ‘এখন তোমাদের সময়, যে যার মতো করে ভাষা-সম্পর্কিত প্রশ্ন করো।’ শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে হুররে বলে চিৎকার করে উঠল।প্রশ্ন করার জন্য হাত তুলল শিক্ষার্থীরা। কেউ কেউ আবার দুটি হাতই তুলেছে। একটি না-হয় একটি তো চোখে পড়বে!বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, এটি ‘প্রতিযোগিতা’ না হয়ে ‘প্রতিযোগ’ কেন, বাংলা ভাষার সবচেয়ে বড় শব্দ কোনটি—এমন বিভিন্ন ধরনের মজার প্রশ্ন দিয়ে শুরু হয়ে গেল প্রশ্নোত্তর পর্বটি। ভালো প্রশ্ন করতে পারলে যে তাৎক্ষণিক পুরস্কার! এ কথা ভেবেই শিক্ষার্থীরা নিজেদের প্রশ্নটি বলার চেষ্টা করছে বারবার।হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আউয়াল প্রশ্ন করল, ‘পাকিস্তানি শাসকেরা প্রথমে আমাদের ওপর সরাসরি আক্রমণ না করে কেন আমাদের ভাষার ওপর আক্রমণ করল?’শিক্ষকেরা বললেন, কোনো দেশকে সরাসরি আক্রমণ করার চেয়েও ভয়াবহ হলো, তাদের ভাষার ওপর আক্রমণ করা। হয়তো এ কথা ভেবেই তারা এটি করেছিল। এই প্রশ্ন করার জন্য মিলল পুরস্কার।কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আহমেদ জানতে চাইল, ‘পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বইয়ে লেখা আছে, বাংলাদেশের অনেক মানুষ এখনো অশিক্ষিত। কিন্তু টাকা-পয়সার হিসাব প্রায় সবাই জানে। তাহলে অশিক্ষিত হয় কীভাবে?’ শিক্ষকেরা বললেন, এটাও একধরনের শিক্ষা বটে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। উত্তরের পরপর শিক্ষকেরা বললেন, ‘প্রশ্নটা ভালো হয়েছে, জলদি এসে একটা পুরস্কার নিয়ে যাও!’বিভিন্ন গণমাধ্যম, টিভি চ্যানেল ও রেডিওতে বাংলা ভাষা যে বিকৃত হচ্ছে তার প্রভাব কী, শুদ্ধভাবে বাংলা বলতে গেলে কী করতে হবে—এমন বিভিন্ন ধরনের প্রশ্ন করে প্রশ্নোত্তর পর্বটি মাতিয়ে তোলে শিক্ষার্থীরা। তার পরও কারও কারও আক্ষেপ, ‘আমার প্রশ্নটি নিল না!’ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক বললেন, ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষায়, ‘মানুষের মা হচ্ছে তিনটি—এক হলো মা, দুই মাতৃভূমি আর তিন হলো মাতৃভাষা। আমাদের এই তিন মাকে সমানভাবে ভালোবাসতে হবে।’ মুক্তিযুদ্ধে সি জোনের কমান্ডার মো. মোশারফ হোসেন শিক্ষার্থীদের বললেন তাঁর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা।অবশেষে ফলাফল তৈরি হলো। বেলা সাড়ে তিনটার দিকে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণ পর্বটি। বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করলেন অনুষ্ঠানের সঞ্চালক জাফর আহমদ। কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর থেকে এসেছে প্রায় ৮০০ শিক্ষার্থী। ৫২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই, সনদ ও পদক তুলে দেন অতিথিরা। পুরস্কৃত শিক্ষার্থীদের সবার হাতেই পুরস্কার, গায়ে বিজয়ীর টি-শার্ট। রোদের তেজ ততক্ষণে কমে এসেছে। বিজয়ী শিক্ষার্থীদের চোখমুখে আনন্দ, যা সূর্যের চেয়েও অনেক বেশি দীপ্তিময়!এই আয়োজন সমন্বয় করেন প্রথম আলোর নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান ও প্রথম আলোর নোয়াখালী বন্ধুসভা।নোয়াখালীতে বিজয়ী যারাপ্রাথমিক: প্রথম ফারিয়া সিরাজী, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়; দ্বিতীয় ফারিয়া রহমান, ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, তৃতীয় অনিকা তাহমিন, মাইজদী পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ পুরস্কার: সাজ্জাত হোসেন, সাওমুন রহমান, মারিয়া আহমেদ, আফরিন হোসেন, রিশিতা কুণ্ডু, শুভাগত নাথ, জেবা রামিসা, মো. মারুফ হোসেন, নাদিম মাহমুদ ও মো. ইসফার আবদুল সামী।নিম্নমাধ্যমিক: প্রথম আদ্রিতা ভৌমিক, মাইজদী বালিকা বিদ্যানিকেতন; দ্বিতীয় ও তৃতীয় তানভীন নূরাহন আলম ও মাকসুদা আফরোজ, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিশেষ পুরস্কার: আবু রাইফ, জাওয়াদ আহমেদ, আসমা সাদিয়া, আবিদা আলী, আফসানা ফেরদৌস, ফাতেমা আক্তার, রেবেকা শারমিন, নাজিফা তাসনিম খানম, মো. জানে আলম ও সানজিদা তাসনীম।মাধ্যমিক: প্রথম দীপ্ত প্রীতম নাথ, নোয়াখালী জিলা স্কুল; দ্বিতীয় মো. মিশকাতুল ইসলাম, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়; তৃতীয় মো. ফাহিম শাহরিয়ার, কুমিল্লা জিলা স্কুল। বিশেষ পুরস্কার: অন্না পাল, মো. মিনহাজুল ইসলাম, সুলতানা তামান্না, নাঈমা মাইফুজা, সাবাব তাহনিন, উম্মেহানি তন্ময়, জান্নাতুল মাওয়া, রবিরত্ন মজুমদার, ফারজানা সুলতানা ও তাহমিনা আক্তার।উচ্চমাধ্যমিক: প্রথম নাহিদ নাজিয়া, নোয়াখালী সরকারি কলেজ; দ্বিতীয় তানজিলা জাফরীন তানভী; তৃতীয় তানজিমা আক্তার, নোয়াখালী সরকারি মহিলা কলেজ। বিশেষ পুরস্কার পেয়েছে আবদুল আজিজ, নাছিমা আক্তার, অনামিকা দে, মো. আবদুল্লাহ আল ওবায়েদ, মো. নেছার উদ্দিন, মো. আলাউদ্দিন, আবুল বাসার, এম এম মাহতাব হোসাইন, ইকবাল হোসেন ও তানজিন হোসেন।যেখানে বসেছিল প্রতিযোগনোয়াখালীসরকারি বালিকা উচ্চবিদ্যালয়একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়’। ১৯৩৫ সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ‘উমা গার্লস স্কুল’ নামে এটি প্রতিষ্ঠা করেন উমা দেবী। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটি সরকারি ছিল। ১৯৬৩ সালে উমা গার্লস স্কুল সরকারি হওয়ার পর এটির নাম হয় নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এতে দুটি শাখা—প্রভাতী ও দিবা। শিক্ষার্থী প্রায় দুই হাজার। আছে বিশাল মাঠ, একাডেমিক ভবন, মিলনায়তন, আধুনিক বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব। সহশিক্ষা কার্যক্রম হিসেবে রয়েছে গার্লস গাইড। খেলাধুলা, বিতর্ক, বিজ্ঞানমেলা ও নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বিদ্যালয়টি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফলও বেশ ভালো।