অং সান সু চির মুক্তি
২০ বছর পর ৭ নভেম্বর প্রশ্নবিদ্ধ এক নির্বাচন করেছে মিয়ানমারের সামরিক সরকার। অং সান সু চিকে মুক্তি দেওয়া হয় ১৩ নভেম্বর। ১৯৮৯ সালের ২০ জুলাই গ্রেপ্তারের পর গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই তিনি ছিলেন কারাগারে বা গৃহবন্দী। তার পরও তিনি গণতন্ত্রের জন্য সামরিক সরকারের সঙ্গে আপস-আলোচনা-সমঝোতার সম্ভাবনা নাকচ করেননি। বরং মুক্তি পাওয়ার পরপরই বলেছেন, তিনি আলোচনায় বসতে আগ্রহী। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারের নেত্রী অং সান সু চি গণতান্ত্রিক মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামের নেতা অং সানের তৃতীয় সন্তান। ১৯৯১ সালে মিয়ানমারে গণতন্ত্র ও মানবাধিকার অর্জনে অহিংস সংগ্রামের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। যুক্তরাজ্য, কানাডাসহ বেশ কয়েকটি দেশের ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও লাভ করেন।সু চি বন্দী থাকার সময় জাতিসংঘ, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, নোবেল বিজয়ীসহ বিশ্বের গণতন্ত্রকামী মানুষ তাঁর মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন। কিন্তু আমরা, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের নাগরিকেরা বা সরকার খুব বেশি সোচ্চার ছিলাম না তাঁর মুক্তির দাবিতে। ১৯৯৩ সালে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অতিথি হয়ে আমি রাজধানী ইয়াঙ্গুনে যাই। তথ্যমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল পির সঙ্গে দেখা হলে প্রশ্ন করেছিলাম, ‘অং সান সু চি কেন বন্দী আছেন?’ তাঁর ত্বরিত জবাব ছিল, ‘তাঁর নিরাপত্তার জন্য তাঁকে গৃহের অভ্যন্তরে থাকতে বলা হয়েছে।’ মন্ত্রী আমাকে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি। সামরিক জান্তা যা-ই বলুন না কেন, সু চির ওপরই এখনো নির্ভর করছে মিয়ানমারের ভবিষ্যৎ। ইয়াঙ্গুনে থাকার সময় শহরের মাঝখানে লেকের পাড়ে যে বাড়িতে কড়া পাহারায় তাঁকে বন্দী করে রাখা হয়েছে, তার চারদিক আমার একবার ঘুরে দেখার সুযোগ হয়েছিল। ইয়াঙ্গুন শহরকে তখন আমার মনে হয়েছে ভীতসন্ত্রস্ত এক জনপদ। আমরা জানি, ঠিক ২০ বছর আগে মিয়ানমারের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে সু চির প্রতিষ্ঠিত এনএলডিপি (ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি) প্রায় ৮২ শতাংশ আসনে জয়ী হয়। অবশ্য তাঁকে ওই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। তাঁর প্রতিষ্ঠিত দলের ব্যাপক এই সাফল্য মিয়ানমারের সামরিক জান্তা মেনে নিতে পারেনি। তারা জনগণের এ রায়কে পদদলিত করে এবং নির্বাচনের ফলাফল বাতিল করে দেয়। সম্প্রতি অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরও সামরিক জান্তা ভিন্ন আদলে তাদের স্বৈরাচারী শাসন এখনো অব্যাহত রেখেছে। মিয়ানমারে ১৯৬২ সাল থেকে সেনাবাহিনী ক্ষমতায় রয়েছে।অং সান সু চি অনেকটা আকস্মিকভাবেই মিয়ানমারের জনগণের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ১৯৮৮ সালের মার্চের শেষের একটি দিন, তিনি ফোনে খবর পেলেন তাঁর মা গুরুতর অসুস্থ। যুক্তরাজ্যের অক্সফোর্ডের বাসভবনে ফোন রেখে তখনই তিনি ইয়াঙ্গুনে যাওয়ার জন্য স্যুটকেস গোছাতে শুরু করেন। এর দুই দিন পর অং সান সু চি ইয়াঙ্গুনে মায়ের শয্যাপাশে পৌঁছান। তাঁদের জীবন যে নতুন দিকে বাঁক নিতে যাচ্ছে, তাঁর স্বামী মাইকেল অ্যারিস এ সময় নিশ্চিত হয়ে যান।১৯৭১ সালে অ্যারিসের সঙ্গে সু চির পরিচয় হয়েছিল লন্ডনে। তারপর তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কাজ করতে চলে যান। আর অ্যারিস ভুটানে। ১৯৭২ সালের ১ জানুয়ারি তাঁদের বিয়ের আগে আট মাসে সু চি অ্যারিসকে ১৮৭টি চিঠি লেখেন। এসব চিঠিতে তিনি বারবার লিখেছেন, ‘আমি তোমার কাছে একটি বিষয় বলব, যদি কোনো দিন আমার দেশের মানুষ চায়, তাহলে তুমি আমাকে সে দায়িত্ব পালনে সাহায্য করবে।’ সু চি মায়ের মৃত্যুশয্যায় তাঁর সেবা এবং তাঁর মৃত্যুর পর থেকে মিয়ানমারের গণতন্ত্রের আন্দোলনের একেবারে পুরোভাগে চলে আসেন। অ্যারিসও তা মেনে নেন।১৯৯৫ সালের বড়দিনে স্বামী অ্যারিসের সঙ্গে সু চির শেষ দেখা। দুই বছর পর টার্মিনাল প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হলেও শেষবারের মতো স্ত্রী সু চিকে দেখতে যেতে অনুমতি দেয়নি মিয়ানমার সরকার। বরং তারা চেয়েছিল, সু চি চলে যান স্বামীর কাছে। ১৯৯৯ সালে অ্যারিসের মৃত্যু হয়। দুই সন্তান আলেকজান্ডার ও কিমের সঙ্গে গত বছরের ১৩ নভেম্বরের আগ পর্যন্ত সু চির তেমন কোনো যোগাযোগ ছিল না। সু চির মুক্তির পর কিম মাকে দেখতে এসেছিলেন।মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় অং সান সু চি দৃঢ়প্রতিজ্ঞ। যা পরিচালিত হচ্ছে অহিংস পথে। এতে প্রতিহিংসা নেই।তাঁর কারারুদ্ধ জীবন কেটেছে বই পড়ে, লেখালেখি করে, ফরাসি-জাপানি ভাষা শিখে, পিয়ানো বাজিয়ে ও শরীরচর্চা করে। সু চি একক ও যৌথভাবে ১০টির মতো বই লিখেছেন। উল্লেখযোগ্য হলো লেটারস ফ্রম বার্মা, দ্য ভয়েস অব হোপ, ফ্রিডম ফ্রম ফিয়ার অ্যান্ড আদারস ইত্যাদি।দক্ষিণ আফ্রিকার কালো মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেলসন ম্যান্ডেলাকে কারাগারে কাটাতে হয়েছে ২৭ বছর। মুক্তি পেয়ে তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছেন। তাঁর হাত ধরে গণতন্ত্র এসেছে সে দেশে। এশিয়ার নেলসন ম্যান্ডেলা বলে নন্দিত সু চি মুক্তি পেয়েছেন, তবে গণতন্ত্র এখনো মুক্তি পায়নি। আমাদের বিশ্বাস, সু চির হাত ধরে তাঁর অহিংস বিপ্লবের পথেই গণতন্ত্র মুক্তি পাবে মিয়ানমারে। যেমনটা বলেছেন সম্প্রতি নোবেল বিজয়ী অমর্ত্য সেন: বার্মায় শিগগিরই পরিবর্তন আসবে, কেননা সু চির হাত ধরে সে দেশের জনগণ ফিরতে চায় গণতন্ত্রের পথে।