অং সান সু চির সঙ্গে কিছু সময়
‘সু চি কিন্তু মিয়ানমার, ইয়াঙ্গুন বলেননি, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বার্মা, বার্মিজ, রেঙ্গুন।’ রোকেয়া আফজাল রহমান কথার শুরুতেই এ কথা বললেন।পাঠক, নিশ্চয়ই ভুলে যাননি বিশ্বের তাবত মিডিয়ায় অং সান সু চিকে দেখা গিয়েছিল ২৯ মে, ব্যাংকক এয়ারপোর্টে। ২৪ বছর পর দেশের বাইরে এলেন দীর্ঘকাল গৃহবন্দিত্ব বরণ করে নেওয়া এই নেতা। এই তো কিছুদিন আগে তিনি সাংসদ নির্বাচিত হলেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে ব্যাংককে এসে তিনি বক্তব্য দিলেন ১ জুন। যে ফোরামে আলোচনা হচ্ছিল, তাতে আমন্ত্রিত বক্তা ছিলেন চারজন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশের—রোকেয়া আফজাল রহমান। সামনাসামনি সু চি কেমন মানুষ, সেটা জানার জন্যই আমরা রোকেয়া আফজাল রহমানের মুখোমুখি হই তাঁর গুলশানের বাড়িতে। আনুষ্ঠানিক অধিবেশনে ও ব্যক্তিগতভাবে সু চি যা বললেন, সেটাই একটু বিস্তারিত জানতে চাই তাঁর কাছে।ব্যাংককে সুচির সঙ্গে দেখা হওয়ার এক মাস আগে জেনেভা থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণ আসে রোকেয়া আফজাল রহমানের কাছে। আমন্ত্রণটি ছিল শুধুই অংশ নেওয়ার। সপ্তাহ খানেক পর অনুরোধ এল প্যানেল আলোচক হিসেবে অংশ নেওয়ার। আলোচনার বিষয় যেহেতু ‘এশিয়ান উইমেন—ওয়ে ফরওয়ার্ড’, তাই রোকেয়া আফজাল রহমান নির্দ্বিধায় রাজি হয়ে গেলেন। এরও এক সপ্তাহ পর জানানো হলো, প্যানেল আলোচক হিসেবে আরও থাকবেন অং সান সু চি। ‘তাঁর জন্য খুবই গর্বিত বোধ করলাম। ভাবলাম, সারা পৃথিবীর চোখ এখন অং সান সু চির দিকে, মানুষ তাঁর কথাই শুনতে চায়। আমরা তাহলে কম কথা বলব, তিনিই বলুন বেশি।’ বললেন রোকেয়া আফজাল রহমান।প্যানেলে যাওয়ার আগে স্পিকারস রুমে বসেছিলেন আলোচকেরা। মোট চার আলোচকের বাকি দুজন ছিলেন নরওয়ের টেলিনরের প্রেসিডেন্ট ও সিইও ফ্রেড্রিক বাকসাস, কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মিজ হেলেন ডি গেইল। পুরো প্যানেল আলোচনার সঞ্চালক ছিলেন সিএনএনের দুঁদে সাংবাদিক অ্যান্ড্রু স্টিভেনস। স্পিকারস রুমে সু চি এলেন। নীল রঙের বার্মিজ পোশাক পরনে। বসলেন। সরল হাসি তাঁর মুখে। ওই ঘরে থাকা বাকি চারজনের কথা: মানুষ আপনার কথাই শুনতে চাইবে। তাই আপনিই বলবেন, আমরা শুনব। সু চি বললেন, ‘না, আমি অন্যদের কথাও শুনতে চাই।’প্যানেল আলোচনায় সু চি বললেন, নারীদের এগিয়ে যেতে হলে তাদের প্রত্যেককেই এমএ, পিএইচডি করতে হবে, তা নয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ও জোরদার প্রশিক্ষণই নারীদের এগিয়ে নিয়ে যেতে পারে।‘আমরাও তাঁর সঙ্গে একমত হলাম। সঞ্চালক অ্যান্ড্রু স্টিভেনস আমাকে জিজ্ঞেস করলেন বাংলাদেশে নারীদের অবস্থার কথা। আমার আলোচনার পর সঞ্চালক অ্যান্ড্রু অবাক হয়ে বললেন, “বাংলাদেশে এতটা পরিবর্তন হয়েছে?”সে সময় সু চি বললেন, “কেন, গ্রামীণ ব্যাংকের কথা শোনেননি? বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।”সু চির কাছে যে কোনো অজানা বিষয় নেই, এটা তারই প্রমাণ। অ্যান্ড্রু স্টিভেনসকে অবাক করে দিয়ে সু চি বললেন, “বাংলাদেশের কথা আমি জানি।” আমার ভালো লাগল শুনে। উন্নয়নে নারীর সংযুক্তি তো শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও দেশকে এগিয়ে দেয়। নিজের উপার্জিত অর্থ নারীর হাতে এলে তাতে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা দিকেই প্রবাহিত হয়। সামাজিকভাবেই একটি দেশ এগিয়ে যায়।’ বললেন রোকেয়া আফজাল রহমান।কী করে একেবারে সাম্প্রতিক খবরও আপনার নখদর্পণে? এই প্রশ্নের মুখোমুখি হন সু চি।সু চি বললেন, ‘যখন গৃহবন্দী ছিলাম, তখন থেকেই দিনে ছয় ঘণ্টা বিশ্ব সংবাদ দেখা ও শোনার অভ্যাস হয়েছে আমার। সকালে দেড় ঘণ্টা সংবাদ দেখি। তারপর দুপুরে, বিকেলে এবং রাতেও সংবাদ দেখি। এতে পৃথিবীর কোথায় কোন ঘটনা ঘটছে, সে সম্পর্কে আমার একটা ধারণা হয়ে যায়।’সু চি আরেকটি কথা বলেছেন, নারীর জন্য অর্থনীতির বাধার চেয়েও সাংস্কৃতিক বাধা বড়। দেশের অর্থনীতির সঙ্গে নারীর এগিয়ে যাওয়ার চেয়ে নারীর সঙ্গে সংস্কৃতির সম্পর্কটাই বেশি। সাংস্কৃতিকভাবে নারীদের পিছিয়ে রাখা হয় বলেই নারীরা এগিয়ে যেতে পারে না। রক্ষণশীল সমাজে নানাভাবে নারীকে ঘরের মধ্যে ধরে রাখার চেষ্টা করা হয়। ফলে উন্নয়নের সঙ্গে যুক্ত হতে পারে না নারী। এই সাংস্কৃতিক বাধা কাটিয়ে উঠতে পারলেই নারীর এগিয়ে যাওয়ার গতি দ্রুততর হয়। মিয়ানমারের রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ। বিদেশিদের উদ্দেশ্যে সু চি বললেন, ‘আপনারা আসুন আমাদের দেশে ব্যবসা করতে। আপনারা লাভ করবেন। কিন্তু মনে রাখবেন, এই ব্যবসা থেকে আমার দেশ বার্মাকেও লাভবান হতে হবে।’রোকেয়া আফজাল রহমান, সামনাসামনি সু চিকে দেখে আপনার কী মনে হয়েছে? কেমন মানুষ তিনি?‘খুবই সরল-সোজা মানুষ। বিনম্র। কিন্তু চোখে-মুখে ব্যক্তিত্বের অসাধারণ প্রকাশ। আত্মবিশ্বাস তাঁকে দিয়েছে শক্তি। যেমন, অ্যান্ড্রু যখন সু চিকে বার্মা (মিয়ানমার) সম্পর্কে একটা প্রশ্ন করলেন, তখন দৃঢ়কণ্ঠে সু চি বললেন, “এটা তো আপনার জানার কথা।” তাতে প্যানেল আর অডিয়েন্সের সবাই হেসে ওঠে, বেচারা অ্যান্ড্রু; দুহাত দুদিকে দিয়ে অসহায়ত্বের প্রকাশ ঘটালে সে হাসির রেশ কাটতেই চায় না।’আর কিছু চোখে পড়ল?‘হ্যাঁ। কী নিয়ে কথা বলবেন, সে ব্যাপারে স্পষ্ট ধারণা আছে তাঁর। তাঁর কোনো পরামর্শক দেখিনি। কেউ তাঁর হাতে বক্তৃতার কপি কিংবা কোনো তথ্যসংশ্লিষ্ট কাগজ দেননি। যা বলেছেন, তা তিনি ভেবে-চিন্তে নিজের মতো করে বলেছেন। বললেন, “আমি গৃহবন্দী হওয়ার আগে অনেক প্রতিভাবান নারীই রাজনীতিতে এসেছিলেন। কিন্তু দীর্ঘদিন আমার অনুপস্থিতির কারণে তাঁরা সরে গেছেন। আমি চাই, আবার নতুন করে রাজনীতিতে নারীরা আসুক। রাজনীতি হচ্ছে হাইয়েস্ট পলিসি মেকিং লেভেল। সেখানে নারীদের থাকা উচিত।” আমাদের সরকারে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে নারীরা রয়েছেন, তারও প্রশংসা করলেন।‘আর হ্যাঁ, তাঁর সঙ্গে ছবি তোলার সময় এমনভাবে আমার হাত চেপে ধরলেন, যেন মনে হলো আমরা অনেক দিনের চেনা।’