বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারির চুক্তি করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।গতকাল বৃহস্পতিবার ঢাকায় প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মজিনা এ কথা জানান। তবে হিলারির সফরের কোনো দিনক্ষণ সম্পর্কে তিনি ধারণা দিতে পারেননি। রাষ্ট্রদূত বলেন, ‘আমার স্বপ্ন হিলারি ক্লিনটনকে বাংলাদেশ সফরে আনা। এ জন্য আমাকে আরও কিছু কাজ করতে হবে। তাঁর সফরের সময় কৌশলগত অংশীদারির চুক্তি সই হবে। চুক্তিটি এমন হবে, যাতে আমরা সহযোগিতার বিষয়ে নিয়মিতভাবে আলোচনায় বসতে পারি। এটা সন্ত্রাসবাদ, খাদ্যনিরাপত্তা কিংবা জলবায়ু পরিবর্তনে সহযোগিতা নিয়েও হতে পারে।’ তিনি বলেন, ‘এ চুক্তিটি সই করা আমার স্বপ্ন।’ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতাবিষয়ক একটি রূপরেখা চুক্তি শিগগির সই হতে পারে বলে জানিয়েছেন মজিনা। তিনি বলেন, ‘চুক্তির খসড়ায় বাংলাদেশ ইতিমধ্যেই মতামত পাঠিয়েছে। আমার দায়িত্ব পালনের সময় চুক্তিটি সই হবে বলে আশা করছি।’গতকাল গুলশানে আমেরিকান ক্লাবে সংবাদ সম্মেলনের আগে মজিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।গ্রামীণ ব্যাংকের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এটি বাংলাদেশের সৃষ্টি এবং এ দেশের একটি বড় প্রতিষ্ঠান। তাই গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক খোঁজার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। এ পদে এমন একজনকে খুঁজে নিতে হবে, যিনি প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে গতিশীলতা নিশ্চিত করতে পারেন। আর এ কথাগুলো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বলেছি।’এক প্রশ্নের জবাবে মজিনা বলেন, ‘রাজনৈতিক প্রক্রিয়ায় সব দলের সক্রিয় ভূমিকা পালন করা উচিত। আর আমি এ দেশের রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে উ ৎ সাহিত করি। রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আমার সঙ্গে একমত পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।’প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, ‘শেখ হাসিনাকে বলেছি, কৌশলগত কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের পাশাপাশি চীন, এমনকি পাকিস্তানের সঙ্গেও উন্নত সম্পর্ক গড়ে তুলেছে বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।’