অকারণ হেনস্তার শিকার শাহরুখ খান! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের ১৩ এপ্রিল আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ২ ঘণ্টার জন্য আটকা পড়েছেন শাহরুখ খান। এর আগে ২০০৯ সালে ৪৬ বছর বয়স্ক এই বলিউডের অভিনেতাকে আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর প্রশাসন; কারণটিও সেই একই। এবারও সেই নামের সঙ্গে ‘খান’ যুক্ত থাকার জন্যই তাঁকে পড়তে হয়েছে এ বিড়ম্বনায়। ইয়েল ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। নিউ ইয়র্কের হোয়াইট প্লেইনস এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন তিনি।‘ফেলো’ হিসেবে ইয়েল ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার জন্য ভারতের অন্যতম ধনী মুকেশ আম্বানির একটি ব্যক্তিগত বিমানে করে নিউইয়র্কে পৌঁছান শাহরুখ। পৌঁছানোর পর সেখানকার ইমিগ্রেশনের কর্মকর্তাদের জেরার মুখে পড়েন তিনি। শাহরুখের সফরসঙ্গী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি ও তাঁর মেয়ে ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইশা ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের জন্য শাহরুখ খানকে আটকে রাখা হয়। অবশ্য তাঁকে কী ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে শাহরুখ মুখ খোলেননি। শাহরুখের কাছের একটি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় চরম হতাশ হয়েছেন শাহরুখ। গন্তব্যে পৌঁছাতে তাঁর তিন ঘণ্টা দেরি হয়েছিল।জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে শাহরুখ খানিকটা শ্লেষের ভঙ্গিতে বলেন, ‘দারুণ, এটা সব সময়ই ঘটে। আমার যখনই নিজেকে তারকা বলে মনে হয়, তখনই আমি যুক্তরাষ্ট্রে পাড়ি দিই, আর বিমানবন্দরে আসার পরই আমার ভুল ভেঙে যায়, আমি ফের মাটিতে নেমে আসি। ইমিগ্রেশনের কর্মকর্তারা আমার তারকা খ্যাতিকে লাথি মেরে নামিয়ে আনে সাধারণের পর্যায়ে।’শাহরুখ আরও জানিয়েছেন, ‘ইমিগ্রেশন কর্মকর্তারা আমাকে প্রশ্ন করেন, আমি কতটুকু লম্বা। উত্তরে আমি যেন মিথ্যা করে বলি আমার উচ্চতা পাঁচ ফুট ১০ ইঞ্চি। পরে আমাকে প্রশ্ন করে আমার গায়ের রং কী? আমি আরও সাহসী হয়ে উত্তর দিই, সাদা।’শাহরুখকে জিজ্ঞাসাবাদের ঘটনায় ভারতের কর্মকর্তারা নিন্দা জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের অভ্যাস হয়ে গেছে প্রথমে অপমান করে পরে মাফ চাওয়ার। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও এ নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। যুক্তরাষ্ট্রের এ ধরনের আচরণকে বর্ণবাদী বলেই মন্তব্য করেছেন তাঁরা। এদিকে, শাহরুখকে জিজ্ঞাসাবাদের ঘটনায় ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রে কোনো বর্ণবাদী আচরণ করা হয় না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।ভারতের বিভিন্ন সংবাদপত্রে উঠে এসেছে, শাহরুখের সঙ্গে ‘খান’ যুক্ত থাকায় মুসলমান সন্ত্রাসী হিসেবে ধারণা করে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্র।উল্লেখ্য, ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ‘মাই নেইম ইজ খান’ চলচ্চিত্রটি। এই ছবিতে ‘খান’ নামের জন্য যুক্তরাষ্ট্রে কতখানি অপদস্ত হতে হয় সেটিই অভিনয়ে ফুটিয়ে তুলেছিলেন শাহরুখ খান।