অকার্যকর হয়ে পড়ছে রাজধানীর বক্স কালভার্ট
রাজধানীর তিনটি খাল ধ্বংস করে তৈরি ১৩ কিলোমিটার বক্স কালভার্টের কার্যকারিতা অনেকাংশে হারিয়ে উল্টো বিপজ্জনক হয়ে উঠেছে। ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কালভার্টগুলো কমবেশি ভরাট হয়ে যাওয়ায় একদিকে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ভেতরে বিষাক্ত গ্যাস জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘদিন পরিষ্কার না করায় এসব কালভার্টে পাঁচ থেকে আট ফুট কঠিন বর্জ্য জমে গেছে। বন্ধ হতে চলেছে বর্জ্য নিঃসরণের পথ। কালভার্টের ভেতরে জমেছে বিষাক্ত গ্যাস। এই গ্যাস বিস্ফোরিত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে বলে ওয়াসার কয়েকজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন। বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে ইতিমধ্যে শ্রমিকের মৃত্যু ও অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।খাল ভরাট করে কংক্রিটের বক্স: আশির দশকের মাঝামাঝি পরীবাগ খাল ভরে ফেলে প্রায় সাড়ে তিন কিলোমিটার বাক্স আকারের ‘বক্স কালভার্ট’ তৈরি করা হয়। ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে সেগুনবাগিচা খালের স্থানে নির্মিত হয় প্রায় সাত কিলোমিটার কালভার্ট। বিগত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ধোলাই খাল ধ্বংস করে তৈরি করা হয় আরও সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ কালভার্ট। এগুলো পরিষ্কার করতে প্রতিবছর প্রায় ছয় কোটি টাকা খরচ হলেও কাজটি যথাযথভাবে করা যাচ্ছে না। কালভার্টের ভেতরের অবস্থা: সেগুনবাগিচা বক্স কালভার্ট গভীরতায় ১২ ফুট এবং প্রস্থে ১৪ ফুট। ড্রেনেজ বিভাগের অনুসন্ধান অনুযায়ী, ১২ ফুট গভীরতার মধ্যে প্রায় আট ফুটই বর্জ্য জমে বন্ধ হয়ে গেছে। বছরের পর বছর জমেছে পলিথিন। ওই বর্জ্য এখন এত শক্ত হয়ে গেছে যে ওয়াসার সাধারণ কাটার মেশিন দিয়ে তা কাটা সম্ভব হচ্ছে না। এখনো খোলা থাকা বাকি পাঁচ ফুট পথে বৃষ্টির পানি অপসারিত হচ্ছে। ভূ-উপরিস্থ নর্দমাপথে কালভার্টে কঠিন বর্জ্য আসে। নিয়মিত পরিষ্কার না করায় দিনে দিনে তা ভরে যায়। বিশেষজ্ঞরা বলছেন, নকশার ত্রুটি এ সমস্যার অন্যতম কারণ। কালভার্ট ক্রমশ ভরে যাওয়ায় একটু বেশি বৃষ্টি হলেই আরামবাগ, মতিঝিল, ফকিরেরপুলসহ আশপাশের এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। পরিষ্কারের সমস্যা ও গ্যাসের বিপদ: বক্স কালভার্টের অনেক অংশে পরিষ্কারের জন্য ভেতরে ঢোকার পথও নেই। ২০১১ সালের বর্ষা মৌসুমে ভাবা হয়েছিল, শুকনো মৌসুমে কালভার্টের পাশে গর্ত করে দেওয়াল ভেঙে আস্তে আস্তে সেগুলো পরিষ্কার করা হবে। কিন্তু প্রায় দেড় বছর পরও সে কাজে হাত দেওয়া হয়নি।বাংলাদেশ ব্যাংকের পেছনে সেগুনবাগিচা বক্স কালভার্টের ওপর সাদেক হোসেন খোকা সড়ক। গত বছরের মার্চে এই কালভার্ট পরিষ্কার করতে গিয়ে দম বন্ধ হয়ে মারা যান পরিচ্ছন্নতাকর্মী বখতিয়ার। তিনি ঢাকনা খুলে পরিষ্কারের জন্য ভেতরে ঢুকেছিলেন। পরদিন তাঁর লাশ পাওয়া যায়। চলতি বছরের শুরুর দিকে একদিন বাংলাদেশ ব্যাংকের পেছনের কালভার্টের ঢাকনা খুলে ভেতরে ঢুকতে রাজি হচ্ছিলেন না কোনো শ্রমিক। বিপদ হবে না বলে আশ্বাস দেওয়ার পর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাসে চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আরও তিনজন জ্ঞান হারিয়ে নিচে পড়ে আহত হন।অতিসম্প্রতি একদিন দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের পেছনে কালভার্টের দুটি ঢাকনা বিপজ্জনকভাবে ফাঁক হয়ে আছে। পাশের একটি দোকানের কর্মী আসাদ জানান, মাস দুয়েক আগে ঢাকনা দুটি বিকট শব্দ করে সরে যায়। বিস্ফোরণের আশঙ্কা: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, খাল ভরাট করে কালভার্ট নির্মাণ ছিল একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এটা তো কোনো উপকার বয়ে আনেইনি, বরং পরিবেশদূষণ ও জলাবদ্ধতা বাড়িয়েছে। কালভার্ট ভেঙে ফেলাও এখন অসম্ভব। তবে এ আশ্বাস দেওয়া যায় যে খাল ধ্বংস করে আর কোনো কালভার্ট তৈরি করা হবে না। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক স্বীকার করেন, কালভার্টের ভেতর পরিষ্কার করা দিন দিন দুরূহ হয়ে উঠছে। পরিষ্কারের আগে গ্যাস সরে যাওয়ার জন্য ঢাকনা খুলে রাখতে হয়। শ্রমিকেরাও ভেতরে ঢুকতে ভয় পান। বিস্ফোরণ ঘটলে জানমালের ক্ষতি হতে পারে বলে তিনিও আশঙ্কা প্রকাশ করেন। নকশাতেই ভুল ছিল: প্রায় ১৩ কিলোমিটার খাল ধ্বংস করার পর এখন ওয়াসা ও ঢাকা সিটি করপোরেশন উপলব্ধি করতে পারছে যে কালভার্টের নকশা কারিগরিভাবে ভুল ছিল। সবচেয়ে বড় ভুল হচ্ছে, কালভার্টের ভেতরের অংশ আয়তাকার করা। এর ফলে নির্মাণের শুরু থেকেই কালভার্টের নিচের কোণগুলোতে আবর্জনা জমে যায়। এ বিষয়ে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ভেতরে যাতে ময়লা আটকে থাকতে না পারে, সে জন্য ড্রেনেজ লাইনের পাইপ গোলাকার হয়। বক্স কালভার্টেও তা অনুসরণ করা উচিত ছিল। আয়তাকার নকশা কারিগরি দিক থেকে অদক্ষ। কালভার্টগুলো ভেঙে ফেলে খাল পুনরুদ্ধারের সম্ভাব্যতা জানতে চাইলে অধ্যাপক মজিবুর রহমান বলেন, এটি চ্যালেঞ্জিং কাজ হবে। তবে সরকার ও জনগণ চাইলে কারিগরিভাবে সম্ভব। পরিষ্কারে বছর বছর খরচ: কালভার্ট নির্মাণে যেমন মোটা অঙ্কের অর্থ খরচ হয়েছে, প্রতিবছর বর্জ্য পরিষ্কারেও কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। চলতি বছর রাজধানীতে নর্দমা-কালভার্ট পরিষ্কার করার কাজে আট কোটি টাকা খরচ হয়। কালভার্ট পরিষ্কারেই চলে যায় প্রায় দেড় কোটি টাকা। গত বছর প্রায় ১৬ কিলোমিটার পুরোনো পাইপলাইন ও কালভার্ট পরিষ্কার এবং খাল উন্নয়নে ১৮ কোটি টাকা খরচ হয়। এর মধ্যে শুধু কালভার্টে ব্যয় হয়েছে তিন কোটি টাকা।ওয়াসা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বশীল সূত্র বলেছে, সব সরকারের সময়েই কালভার্ট বা নর্দমা পরিষ্কারের বাজেটের বেশির ভাগ অর্থই লুটপাট করা হয়।