অকালে চলে গেলেন দিলীপ চক্রবর্তী
‘আমার সব ভালোবাসা মঞ্চকে ঘিরে...।’ বছর দুয়েক আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাত্কারে এভাবেই মঞ্চের প্রতি নিজের ভালোবাসার কথা বলেছিলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের মেধাবী অভিনয়শিল্পী দিলীপ চক্রবর্তী। গতকাল সোমবার রাতে রাজধানীর ফার্মগেটের বাসায় আকস্মিকভাবে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। অকাল প্রয়াত দিলীপ চক্রবর্তীর মৃত্যুর সংবাদে দেশের নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নাট্যকর্মীরা ছুটে যান তাঁর ফার্মগেটের বাসায়।দিলীপ চক্রবর্তী অভিনীত মঞ্চনাটক ‘নৃত্যপুরাণ’ ও সাম্প্রতিক প্রযোজনা ‘অরক্ষিতা’ দর্শকের মন জয় করেছিল। তাঁর অভিনীত চলচ্চিত্র ‘কমন জেন্ডার’ নতুন করে পরিচিতি এনে দিয়েছিল তাঁকে।১৯৮৮ সালে ‘দেশ নাটক’-এর সঙ্গে যুক্ত হয়েছিলেন দিলীপ চক্রবর্তী। ২০০২ সালে জাহিদুর রহমান অঞ্জনের মাধ্যমে টিভি নাটকের কাজ শুরু করেন তিনি। এরপর মঞ্চের পাশাপাশি টিভি নাটকে সমানতালে কাজ করে আসছিলেন। করেছেন লেখালেখির কাজও।দিলীপ চক্রবর্তীর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: আফসানা মিমির ‘পৌষ ফাগুনের পালা’, মুরাদ পারভেজের ‘রেস্টুরেন্ট টোয়েন্টি ওয়ান’, দীপংকর দীপনের ‘আশা টকিজ’ ও ‘টেম্পু’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, মেজবাউর রহমান সুমনের ‘দখিনের জানালার খোলা আলো আসে ফিরে যায়’, শিহাব শাহীনের ‘মামুলি একটা মানুষ’।নাটকের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দিলীপ। এর মধ্যে নোমান রবিনের পরিচালনায় ‘কমন জেন্ডার’ এবং বেলাল আহমেদের ‘অনিশ্চিত যাত্রা’। অভিনয়ের পাশাপাশি নাটকও লিখতেন। তাঁর লেখা বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। এর মধ্যে রয়েছে: ‘একাকিত্ব’, ‘মানুষ’, ‘মাইক মাস্টার’, ‘সন্দেহ’ প্রভৃতি।জানা গেছে, দিলীপ চক্রবর্তীর মরদেহ আজ দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত জাতীয় নাট্যশালায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে এবং পরে সত্কারের জন্য গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ে যাওয়া হবে।দিলীপ চক্রবর্তীর মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সহসভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান, সময়-এর দলপ্রধান আকতারুজ্জামান, সুবচন নাট্য সংসদের প্রধান সম্পাদক আহমেদ গিয়াস, শব্দ নাট্যচর্চাকেন্দ্রের দলপ্রধান খোরশেদুল আলম গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।