অকালে চলে গেলেন হুইটনি হিউস্টন(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত মার্কিন গায়িকা-অভিনেত্রী হুইটনি হিউস্টন ১১ ফেব্রুয়ারি শনিবার মারা গেছেন। মাত্র ৪৮ বছর বয়সে জনপ্রিয় এই মার্কিন কণ্ঠশিল্পী ও অভিনেত্রীর জীবনাবসান ঘটল। হুইটনির মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হিলটন হোটেলে তাঁর মৃত্যু ঘটে। গ্র্যামি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনি এই হোটেলে উঠেছিলেন। হিউস্টনের মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলস পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা তিনটা ২০ মিনিটের দিকে হিলটন হোটেল থেকে একটি জরুরি ফোন আসে। স্থানীয় সময় বিকেল তিনটা ৫৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।হুইটনির জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানটি প্রকাশিত হওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রে সে বছরের বর্ষসেরা গান হিসেবে ঠাঁই করে নিয়েছিল। ‘বডিগার্ড’ সিনেমায় গানটি থিম হিসেবে ব্যবহার করা হয়েছিল।হুইটনি সেই ছবিতে অভিনয়ও করেছিলেন।

হুইটনি মার্কিন সংগীত জগতের তারকা খ্যাতি পান আশির দশকে। পারিবারিক পরিমণ্ডলে সংগীতের আবহেই বেড়ে উঠেছিলেন তিনি। পরিবারে তাঁর মাসহ অনেকেই ভালো গান গাইতে পারতেন। সবার উত্সাহেই একসময় গান শুরু করেন হুইটনি হিউস্টন। শুধু জনপ্রিয়তাই নয়, ছয়বার গ্র্যামি পুরস্কার জিতেছিলেন গুণী এই কণ্ঠশিল্পী। গ্র্যামি ছাড়াও হিউস্টন অ্যামি ও বিলবোর্ড পুরস্কারেও ভূষিত হয়েছিলেন।হিউস্টনের মৃত্যুতে বিশ্বের অসংখ্য সংগীতভক্ত ছাড়াও তাঁর গুণমুগ্ধ ও ঘনিষ্ঠ অনেক শিল্পীই শোকাহত হয়েছেন। জনপ্রিয় সংগীতশিল্পী রিয়ান্না টুইটারে লিখেছেন, কথা নয়, শুধুই কান্না। র্যাপশিল্পী নিকি মিনাজ লিখেছেন, হা যিশু! হুইটনি নয়।