অকালে নিভে গেল এক ‘তারা’
ঈদের আনন্দ এবার পরিবারটিকে স্পর্শ করেনি। মেয়েকে ছাড়া আগে তো কখনো ঈদ করতে হয়নি তাদের। সবকিছুতেই মেয়েকে মনে পড়েছে। মেয়ের পছন্দের খাবারগুলোও তৈরি করেননি মা। বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের ছাত্রী তারার পরিবারের কথা। ‘ওকে ছাড়া কি ঈদ হয়। আমরা ওর নামেই এবার কোরবানি দিয়েছি। ঈদের দিন বনানী গোরস্থানের অস্থায়ী অংশে ওর কবর জিয়ারত করে আসছি। আমাদের জীবনের সব আনন্দ তো চলে গেছে।’ ঈদের পর ফোনে বললেন তারার মা আমেনা খাতুন।হাজারো মানুষের ভিড়ে তারার মতো যেন ঝলমল করতে পারে এ কারণেই নাম রাখা হয়েছিল তারা।অকালেই আকাশের তারা হয়ে জ্বলবে এই ‘তারা’—এ কথা কখনোই ভাবেননি তার মা-বাবা।গত ১০ অক্টোবর আমিন বাজার সেতুতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনোয়ারা খাতুন ওরফে তারা।প্রতিদিনের মতো সেদিনও মায়ের সঙ্গে বসে সকালের খাবার খেয়েছিলেন। বাবার কাছ থেকে বিদায় নিয়ে অণুজীববিজ্ঞানের ছাত্রী তারা দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয়েছিলেন।‘প্রতিদিনই মেয়েকে মহাখালী বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিই। কোনো দিনও মেয়েটা বাসে উঠে ফিরে তাকিয়ে হাসে না। সেদিন বাসে উঠে আমার দিকে হাত নাড়িয়ে হেসে যেন শেষ বিদায় নিল আমার মেয়েটা।’ বললেন তারার মা। দুর্ঘটনার পর ২০ অক্টোবর মহাখালী জামে মসজিদের কাছে তারাদের বাসায় গিয়ে দেখা যায় শোকের মাতম। ছোট ভাই আরাফাত এখনো পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ‘ছোট আপুই সব সময় পড়া বোঝাত। রসায়ন শিক্ষকের কাছে ভালো বুঝতে পারি না, তাই ছোট আপু বলেছিল, পরীক্ষা শেষ হলেই তোকে রসায়ন বুঝিয়ে দেব। এখন আমাকে কে বোঝাবে পড়াটা?’ কান্না যেন আর থামে না আরাফাতের। মহাখালীর বাসায় আছে তারার সংগ্রহ করা বইয়ের সম্ভার, যেন একটি ছোট্ট গ্রন্থাগার। তারার বাবা কাজী আবদুল হাকিম।কান্নাজড়িত গলায় বলেন, ‘বৈশাখী বাস যেন কালবৈশাখী হয়ে আমার মেয়ের জানটাকে ছোবল দিয়ে নিয়ে গেছে। চার ছেলেমেয়ে ছিল আমার ঘরের চারটা খুঁটি।একটা খুঁটি (তারা) এখন ভেঙে গেছে। যত দিন বেঁচে থাকব, বুকের পাঁজরের হাড়টা ভেঙেই থাকবে। আমি এই টিনশেডের বাড়িতে থেকে ছেলেমেয়েদের মানুষ করছি। আমার বুকের মানিক চলে গেছে। কান্নায় ভাসিয়ে গেছে দেশবাসীরে। এলাকার এমন কোনো মসজিদ নেই, যেখানে ওর জন্য মিলাদ পড়েনি; স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এমন কোনো শিক্ষক কিংবা বন্ধু-বান্ধব নেই যে আমার তারার জন্য চোখের পানি ফেলেনি। আমার মেয়েটা খুব শান্ত স্বভাবের ছিল।’ দুর্ঘটনায় সেতু ভেঙে বাসটি তুরাগ নদে ডুবে গেলে সাঁতরে ওঠার চেষ্টা করেও পরে মারা যান তারা। মেজো বোন শাহানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঢাকায় বড় হওয়ার কারণে তারা কখনো পানিতেই নামেনি—সাঁতার জানা তো দূরের কথা। তবে যেটা ওর মধ্যে ছিল, প্রচণ্ড মানসিক সাহস।কোনো কাজ মেয়ে হয়েছি বলে করতে পারব না, এটা মানতেই চাইত না তারা। সেই প্রচণ্ড মানসিক দৃঢ়তা থাকার কারণেই হয়তো তারা সাঁতরে ওঠার চেষ্টা করছিল।’ তুরাগ নদের পানিতে ভেজা তারার গ্রন্থাগারের কার্ড, হলের কার্ড, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পরিচিতি কার্ড, অগ্রণী ব্যাংকের চেক—সবকিছু এখনো আছে। খামে ভরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দিয়ে গেছেন তারার মায়ের কাছে। স্কুলজীবন থেকেই ড্রাম বাজানো আর নাচের প্রতি ঝোঁক ছিল তারার। ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় কখনো খুব বেশি বোনদের সঙ্গে সময় কাটানো হয়নি। বড় বোনদের আস্থাটা বেশ ছিল। ঈদের কেনাকাটা করত সব সময় বড় দুই বোন। রোজার ঈদে তারার জন্য যে সালোয়ার-কামিজ কেনা হয়, সেটা তারার পছন্দ হলেও মেজ বোনের হলুদ রঙের জামাটা তার খুব পছন্দ হয়েছে। আর দুর্ঘটনার দিন তারা সেই তার প্রিয় হলুদ রঙের পোশাকটাই পরেছিল। জানালেন তারার বড় বোন। বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন তারা। সরকারি মেডিকেলে পড়ার সুযোগ হয়নি বলে ভেঙে পড়েননি তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, অণুজীববিজ্ঞানে ভর্তিপরীক্ষা দিয়ে চারটি বিভাগেই ভর্তির সুযোগ পান। প্রাণরসায়ন বিভাগের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন মেধাবী তারা। পরে অণুজীববিজ্ঞান বিভাগে সুযোগ পাওয়ায় সে বিষয়েই ভর্তি হন। তাঁর বান্ধবী মৌ বলেন, ‘তারা খুব চুপচাপ, শান্ত স্বভাবের মেয়ে। নিজে খুব পরিপাটি থাকতে পছন্দ করত। খুবই অভিমানী মেয়ে। তবে অনেক মেধাবী। সব সময় পড়াশোনা নিয়েই বেশি কথা হতো ওর সঙ্গে। তারার মৃত্যু মেনে নিতে পারছি না।’ ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে এখনো ক্লাস শুরু হয়নি। তবে ক্লাস শুরু হলে তারাকে হারানোর কষ্টটা যেন আরও বেশি বেদনাদায়ক হয়ে উঠবে।’ বললেন তারার সহপাঠী ফয়সাল। দুর্ঘটনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, তারার বন্ধুদের মধ্যে শোকের ছায়া।তারা যে তাঁদের মাঝে নেই, এটাই যেন মেনে নিতে পারছেন না তারার সহপাঠীরা।এই মৃত্যুর শোক সারা জীবন বইতে হবে তারার মা-বাবাকে। বললেন, ‘আমার কোল খালি করে আমার মেয়ে চলে গেছে। সে তো আর ফিরে আসবে না।’ সড়ক দুর্ঘটনায় এমনভাবে সন্তানহারা যেন না হয় আর কোনো মা-বাবা, সে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান তাঁরা।তাঁদের চাওয়া, দেশের আর একটা তারাও যেন অকালেএমনভাবে ঝরে না যায়।